আবার দেখা হচ্ছে মরিনহো-গার্দিওলার

নিয়তি বোধ হয় ঠিক করে রেখেছিল, হোসে মরিনহো আর পেপ গার্দিওলার এত দ্রুত দেখা হয়ে যাবে! সপ্তাহ দুয়েক আগেই ম্যানচেস্টার ডার্বি মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল দুই কোচকে। এবার লিগ কাপও আরেকটি দ্বৈরথের মঞ্চ সাজিয়ে রেখেছে, সামনের মাসে চতুর্থ রাউন্ডেই মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
কাল লিগ কাপে দুই দলই নিজেদের ম্যাচে জয় পেয়েছে। সোয়ানসির সঙ্গে ম্যান সিটির ২-১ গোলের জয়টা অবশ্য প্রত্যাশিতই ছিল। নর্দাম্পটন টাউনের বিপক্ষে ৩-১ গোলের জয়টা ইউনাইটেডের কাছে এমন কিছু বড় হওয়ার কথা নয়। তবে হোসে মরিনহোর জন্য এই জয়টাই অনেক দিন খরার পর বৃষ্টির মতো। টানা তিন ম্যাচ হারের পর এই জয়টাই যে ইউনাইটেডের জন্য অনেক স্বস্তির হয়ে এসেছে!
আরও একবার ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়েছেন মার্কাস রাশফোর্ড। ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগের পর ইউরোপা লিগ অভিষেকেও গোল পেয়েছিলেন। এবার লিগ কাপের অভিষেকেও গোল পেলেন। এর আগেই অবশ্য মরিনহোর দল ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। ১৭ মিনিটে মাইকেল ক্যারিকের গোলে ইউনাইটেড এগিয়ে যাওয়ার নর্দাম্পটনের হয়ে সমতা ফেরান অ্যালেক্স রেভেল। ১-১ গোলে প্রথমার্ধ শেষের পর মাঠে নামেন রাশফোর্ড। ৬৮ মিনিটে ইউনাইটেডকে এগিয়ে দেওয়া অ্যান্ডার হেরেরার গোলেও তাঁর অবদান ছিল। সাত মিনিট পর প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নিজেই গোল পেয়েছেন।
সোয়ানসির সঙ্গে ম্যান সিটির জয়ে গোল পেয়েছেন গায়েল ক্লিশি ও তরুণ অ্যালেক্স গার্সিয়া। সোয়ানসির হয়ে শেষ মুহূর্তে সান্ত্বনার গোল পেয়েছেন গিলফি সিগুর্ডসুন।