আবার নতুন আইনি ঝামেলায় নেইমার

আড়াই বছর আগে হয়ে যাওয়া এক দলবদল নিয়ে এখনো মাথা ঘামাতে হচ্ছে নেইমারকে। এই ব্রাজিলিয়ান তারকার বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। আগে শোনা গিয়েছিল, জরিমানা দিয়েই পার পেয়ে যাবেন নেইমার। কিন্তু স্পেনের আদালত থেকে এত সহজেই মুক্তি মিলছে না তাঁর। প্রতারণার অভিযোগে অভিযুক্ত হতে হচ্ছে নেইমারকেও। সরকারি আইনজীবী নেইমারের বিরুদ্ধেও অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন।
ব্রাজিলিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস প্রথম নেইমারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ জানায়। নেইমারের সাবেক ক্লাব সান্তোসের সঙ্গে ডিআইএসের চুক্তি ছিল, দলবদলের বাজারে নেইমারের মূল্যের ৪০ ভাগের মালিকানা থাকবে এই প্রতিষ্ঠানের। প্রথমে জানা হয়েছিল সান্তোস থেকে নেইমারকে কেনার সময় ১৭.১ মিলিয়ন ইউরো দিয়েছে বার্সেলোনা। ডিআইএসকে ওই অর্থের ভাগ দেওয়া হয়েছিল। কিন্তু পরে জানা যায় নেইমারকে আনতে আসলে ৫৭.১ মিলিয়ন খরচ হয়েছে। যেটি পূর্ণাঙ্গ তদন্তের পর জানা গেল ৮৩.৩ মিলিয়ন। ডিআইএসের আপত্তি ছিল এখানেই, দলবদলের আসল অঙ্কটা গোপন করে তাদেরকে ঠকানো হয়েছে।
স্পেনের আদালত এই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করার পর এখন বিষয়টির সঙ্গে জড়িত সকলকেই আনছে মামলার অধীনে। যেখানে বার্সেলোনার সভাপতি হোসে বার্তোমেউর বিরুদ্ধে ২ বছর ৩ মাস এবং সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের বিরুদ্ধে ৭ বছরের জেলের সাজার আবেদন করা হয়েছে। সঙ্গে বার্সেলোনাকে ২২.২ মিলিয়ন জরিমানার আবেদনও করা হচ্ছে। এই তদন্তেই নেইমার ও তাঁর বাবাকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে তাঁদের ব্যাপারে এখনো কোনো শাস্তির আবেদন করা হয়নি।
পরবর্তী শুনানিতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও, এখনো দিনক্ষণ ঠিক করা হয়নি তাঁর।
এই মামলার গতিপথ অনেকটাই লিওনেল মেসির কর ফাঁকির মামলাটিকে অনুসরণ করছে। মেসির মামলার ক্ষেত্রে প্রথমে বার্সা তারকাকে অভিযোগের আওতার বাইরে রাখা হয়। এই যুক্তিতে, মেসি তাঁর কর সংক্রান্ত বিষয় নিজে পুরো দেখভাল করেন না। শর্তাবলি পড়ে দেখার অত সময়ও তাঁর নেই। এ ব্যাপারে পুরোপুরি আইনজীবী ও এজেন্টের ওপর আস্থা রাখতে হয়। দায় মেসির নয়; আইনজীবী ও এজেন্টের। কিন্তু পরে আদালত জানায়, মেসি কিছুতেই দায় এড়াতে পারেন না। তাই তাঁকেও অভিযুক্ত করা হয়।
এবার নেইমারকেও অভিযুক্ত করার আবেদন জানানো হলো। সূত্র: গার্ডিয়ান।