আবার নিষিদ্ধ সুয়ারেজ

বর্ণবাদী মন্তব্য, প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে দেওয়া—লুইস সুয়ারেজ বছর দেড়েক বিতর্কের ছায়াও মাড়াননি। কিন্তু বিতর্ক বোধ হয় কখনোই বার্সার উরুগুইয়ান স্ট্রাইকারকে ছাড়বে না। এবার প্রতিপক্ষ খেলোয়াড়দের উসকানি দেওয়ার জন্য নিষিদ্ধ হলেন দুই ম্যাচের জন্য। তবে বার্সেলোনা এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে নিজস্ব অফিশিয়াল সাইটে। আরেকটি অভিযোগ সত্যি হলে সুয়ারেজের শাস্তি আরও বড় পারে। তাঁর বিরুদ্ধে যে আবারও উঠেছে বর্ণবাদী আচরণের অভিযোগ!
ঘটনাটি দুই দিন আগে কোপা ডেল রের শেষ ষোলোর ম্যাচে। এসপানিওলের সঙ্গে ম্যাচের পর টানেলে প্রতিপক্ষ খেলোয়াড়দের ‘আবর্জনা’ বলে উসকানি দিয়েছেন সুয়ারেজ। নিরাপত্তারক্ষীরা সামাল না দিলে আরও বড় কিছুই হতে পারত। রেফারির প্রতিবেদনেও ঘটনাটির উল্লেখ আছে। সেটার জন্য এই নিষেধাজ্ঞা পেতে হলো। যার মানে কোপা ডেল রের পরের দুই ম্যাচে খেলতে পারবেন না।
তবে তার আগে মাঠে যা হয়েছিল, সেটা সত্যি হলে নিষেধাজ্ঞা আরও বড় হতে পারে। ওই ম্যাচে বেশ কয়েকবারই উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল দুই পক্ষের, এসপানিওলের দুজন লাল কার্ডও দেখেছিলেন। স্প্যানিশ দৈনিক স্পোর্ত জানিয়েছে, দুজনের একজন পাপাকুলি দিওপকে বর্ণবাদী গালি দিয়েছেন সুয়ারেজ।
প্রথম লেগে বার্সা ৪-১ গোলে জিতেছে, পরের লেগটা এখন বলতে গেলে আনুষ্ঠানিকতাই। কিন্তু উত্তপ্ত প্রথম লেগ দ্বিতীয় লেগেও উত্তেজনা ছড়ানোর আভাস দিচ্ছে। এরই মধ্যে এসপানিওল কোচ কনস্টানটিন গালচা নাকি ছাত্রদের কানে জপে দিয়েছেন প্রতিশোধের মন্ত্র। বোঝাই যাচ্ছে, ওই ম্যাচে রেফারির ঘাম ছুটে যাবে! গোলডটকম, স্পোর্ত, মার্কা।