আবার পেছাল ঘরোয়া ফুটবল!
গতকাল সংবাদ সম্মেলনটা ডেকেছিল চট্টগ্রাম আবাহনী। তাদের নতুন কোচ যোশেফ পাভলিককে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে সব ছাপিয়ে বারবার ঘুরেফিরে উঠে এল একটাই প্রশ্ন, স্বাধীনতা কাপ কি আজ শুরু হবে?
কাল দুপুর থেকেই ফুটবল ভবনে গুঞ্জন, পিছিয়ে যাচ্ছে স্বাধীনতা কাপ। বিকেলে বাফুফে জানিয়ে দিয়েছিল, অনিবার্য কারণে পেছানো হলো স্বাধীনতা কাপ ফুটবল। সন্ধ্যায় অবশ্য জানানো হলো, দুই দিন পিছিয়ে খেলা শুরু হবে আগামী পরশু।
খেলা পেছানোর সর্বশেষ কারণ, আন্তর্জাতিক অঙ্গনে শোচনীয় ব্যর্থতার পরও ঘরোয়া ফুটবলে খেলোয়াড় নিয়ে ক্লাবগুলোর নির্লজ্জ কাড়াকাড়ি। শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিজেদের ফুটবলার দাবি করে আটজনকে ফিরে পেতে আদালতের শরণাপন্ন হওয়ায় পরিস্থিতি বাঁক নিয়েছে অন্যদিকে। আদালতের নির্দেশে ওই আট ফুটবলার শেখ জামাল ছাড়া অন্য কোনো ক্লাবে খেলতে পারবেন না। ফলে কিছুটা বেকায়দায় পড়েছে অগোছালো আর অপরিণামদর্শী বাফুফে।
দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি এত দিন শেখ জামালকে অন্যায় সুবিধা দিয়ে এসেছে বলে অভিযোগ। বর্তমানে শেখ জামালের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় সুবিধা পাচ্ছে অন্য ক্লাব। অন্তত ফুটবলে এমন অভিযোগ বাতাসে ভেসে বেড়ায়। এবার খেলা পেছানোয় সুবিধা হয়েছে চট্টগ্রাম আবাহনীর। চার দিন আগে ক্লাবটির বিদেশি কোচ ঢাকায় এসেছেন। দুই বিদেশি ফুটবলার গত মাসে দলের সঙ্গে যোগ দিলেও আরও দুজন ঢাকায় আসার অপেক্ষায়। এর সঙ্গে যোগ হয়েছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে চুক্তি করা পাঁচ ফুটবলারের ওপর আদালতের নির্দেশনা। স্বাধীনতা কাপ পেছানোর নেপথ্যে চট্টগ্রাম আবাহনীর অনুরোধ বাফুফে আমলে নিয়েছে বলেই মনে করা হচ্ছে।
অথচ এক মৌসুম আগেও নভেম্বর-ডিসেম্বরের মধ্যে ঘরোয়া ফুটবল শুরু হয়ে যেত। ২০১৩ সালে ২১ নভেম্বর ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়ায় ফুটবল মৌসুম। ঘরোয়া সূচিটা এরপর থেকে আর আগের মতো চলছে না। বাফুফে দিন দিন পরিণত হচ্ছে কাগুজে এক প্রতিষ্ঠানে।
ক্লাবগুলোর ওপর ফেডারেশনের কোনো নিয়ন্ত্রণ নেই। কোনো নিয়মনীতির তোয়াক্কা করছে না কেউই। গত আগস্টে শেষ হয়েছিল লিগ, এরপর সাত মাস ধরে ঘরোয়া ফুটবল বন্ধ। ক্লাব তাদের সুবিধা অনুযায়ী নানা বায়না ধরছে, ফেডারেশন তাতে নতি স্বীকার করছে। সবচেয়ে আশ্চর্যের, দিনের পর দিন খেলা পেছালেও এসব নিয়ে কারও কোনো জবাবদিহি নেই।