প্রিমিয়ার লিগের গত ছয় মৌসুমের চ্যাম্পিয়নদের নাম মনে আছে? চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ইউনাইটেড, সিটি ও চেলসি। এর মধ্যে একটা চক্রপূরণের ব্যাপার আছে। চেলসিকে দিয়ে শুরু, চেলসিকে দিয়েই শেষ। মাঝের সময়টা ম্যানচেস্টারের দুই প্রতিবেশীর। আর সেই চক্রে ঢোকার চাবি পায়নি আর্সেনাল বা লিভারপুলের কেউ। সবচেয়ে মজার বিষয়, গত ছয় বছরে টানা দুবারও কেউ চ্যাম্পিয়ন হয়নি! এবার নতুন চক্রের শুরুটা কি অন্য কাউকে দিয়ে হবে? নাকি চেলসিই শিরোপা ধরে রেখে ‘জুজুটা’ কাটাবে? নাকি শিরোপাটা আগের চক্রের মতো চেলসি থেকে ম্যানচেস্টারে ফিরে যাবে?
প্রশ্নের উত্তর পেতে প্রায় নয় মাস অপেক্ষা করতে হবে। তবে প্রভাত যদি দিনের আভাস দেয়, তাহলে আজ থেকেই খানিকটা বোঝা যাবে। ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম ম্যাচ দিয়ে আজই শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম।
দলগুলোর শক্তির চুলচেরা বিশ্লেষণ এরই মধ্যে ভক্ত-সমর্থকেরা করে ফেলেছেন। দলবদলের মৌসুম এখনো শেষ হয়নি, তাই ব্যবচ্ছেদ আরও করতে হতে পারে। তবে বড় দলগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুল ছাড়া বাকিরা এখন পর্যন্ত খানিকটা নীরবই। যদিও সবাই আগের মৌসুমের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরও কম-বেশি ধরে রেখেছে, সেই হিসেবে শক্তির ক্ষতি বৃদ্ধিও খুব একটা হয়নি।
চেলসির কথাই ধরুন। ফ্যালকাওকে ধারে আনা বাদ দিলে হোসে মরিনহো বলার মতো কাউকেই কেনেননি। ম্যানচেস্টার সিটি অবশ্য লিভারপুল থেকে সাত কোটি ইউরোয় রাহিম স্টার্লিংকে কিনে এনেছে। ইংল্যান্ডের সবচেয়ে দামি খেলোয়াড়ের তকমার সুবিচার ২০ বছর বয়সী উইঙ্গার করতে পারবেন কি না, সেটা বলে দেবে সময়। তবে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি এবার কিছু একটা জিততে মরিয়াই থাকবেন।
লুই ফন গালের তাড়নাটাও কম নয়। দুই মৌসুমের শিরোপাখরা ঘোচাতে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরই মধ্যে শোয়েনস্টাইগারের মতো বিশ্বমানের মিডফিল্ডারকে নিয়ে এসেছেন। সঙ্গে ডিপাই, স্নেইডারলিন, দারমিয়ানদের মতো প্রতিশ্রুতিশীলদের নিয়ে ইউনাইটেড এবার শিরোপা লড়াইয়ে ফিরতেই চাইবে। কিন্তু ডি মারিয়া, ফন পার্সিদের শূন্যতা পূরণ হবে কি?
আর্সেন ওয়েঙ্গারও ১১ বছরের শিরোপাখরা কাটাতে এবার বুক বেঁধেই থাকবেন। মৌসুমের শুরুতে চেলসিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ে সেই স্বপ্নে একটু হলেও রং লেগেছে। লিভারপুলের ব্রেন্ডন রজার্সও চাইবেন, গত মৌসুমের দুঃস্বপ্ন ভুলে যেতে। বেনটেকে, ফিরমিনোরা কি পারবেন লিভারপুলকে আবার চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনতে?
সব প্রশ্নের জবাব মিলবে ধীরে ধীরে। শুরু হয়ে যাচ্ছে রোমাঞ্চভরা আরেকটি মৌসুম।
গত পাঁচ মৌসুমের শিরোপাজয়ীরা তাদের প্রথম ম্যাচ খেলেছে সোমবার
সব মিলিয়ে প্রথম দিনে সবচেয়ে বেশি গোল খেয়েছে এভারটন (৩৩টি)
২০০০-০১ মৌসুমের পর প্রতিবছর অন্তত শীর্ষ চারে থাকতে পেরেছে শুধু আর্সেনাল
কে কয়বার চ্যাম্পিয়ন
ম্যানচেস্টার ইউনাইটেড-২০, লিভারপুল-১৮, আর্সেনাল-১৩, এভারটন-৯, অ্যাস্টন ভিলা-৭ (সেরা পাঁচটি দল)
শিরোপার পাঁচ দাবিদার
চেলসি
গত মৌসুমে অবস্থান: চ্যাম্পিয়ন
কারা এলেন: বেগোভিচ, নাথান, ফ্যালকাও (ধারে)
কারা গেলেন: চেক, ফেলিপে লুইস, দ্রগবা
ম্যানচেস্টার সিটি
গত মৌসুমে অবস্থান: রানার্সআপ
কারা এলেন: স্টার্লিং, ডেলফ, রবার্টস
কারা গেলেন: নেগ্রেদো, মিলনার, ইয়োভেতিচ, রিচার্ডস
আর্সেনাল
গত মৌসুমে অবস্থান: তৃতীয়
কারা এলেন: চেক, রেইনে অ্যাডেলেইড
কারা গেলেন: পোডলস্কি, দিয়াবি, শেজনি, জেনকিনসন
ম্যানচেস্টার ইউনাইটেড
গত মৌসুমে অবস্থান: চতুর্থ
কারা এলেন: ডিপাই, শোয়েনস্টাইগার, স্নেইডারলিন, দারমিয়ান, রোমেরো
কারা গেলেন: ডি মারিয়া, ফন পার্সি, নানি, রাফায়েল, ক্লেভারলি
লিভারপুল
গত মৌসুমে অবস্থান: ষষ্ঠ
কারা এলেন: বেনটেকে, ফিরমিনো, ক্লাইন, ইঙ্গস, মিলনার
কারা গেলেন: স্টার্লিং, জেরার্ড, ল্যাম্বার্ট, কোয়েতেস, আসপাস