বার্সেলোনা থেকে একটু পরেই সাও পাওলোর বিমানে উঠতে হবে। চার ম্যাচ পর আবার ব্রাজিলের হলুদ জার্সি উঠবে গায়ে, নেইমারের আর তর সইছে না। এমন সময় মুঠোফোনে একটা বার্তা এল। ‘শুভকামনা জানাতে খুবই ইচ্ছা করছে, কিন্তু সেটা করতে পারছি না বলে দুঃখিত’—বার্তাটা পড়তে পড়তে নেইমারের মুখে ফুটে উঠল মুচকি হাসি। দুদিন পর আর্জেন্টিনার ম্যাচটা যখন ব্রাজিলের সঙ্গে, লিওনেল মেসি কি আর বার্সেলোনা সতীর্থকে মন থেকে শুভকামনা জানাতে পারেন?
পুরো দৃশ্যটাই আসলে কাল্পনিক। নেইমারকে মেসি এমন বার্তা পাঠিয়েছেন কি না, সেটাও জানার উপায় নেই। তবে আগামীকাল (বাংলাদেশ সময় শুক্রবার ভোরে) টিভির সামনে ম্যাচটা দেখার সময় মেসির হৃদয়ে রক্তক্ষরণ হবে নিশ্চিত। আর্জেন্টিনার এই কঠিন সময়ে মেসিকে তো খুব করেই দরকার ছিল। বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা, কোচ জেরার্ডো মার্টিনোর রাতগুলো হয়তো বিনিদ্রই কাটছে। তার ওপর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে ম্যাচ বলে কথা! কিন্তু চোটের কারণে এখন দর্শক হয়ে থাকতে হচ্ছে মেসিকে।
মেসিকে আর্জেন্টিনার যতটা দরকার, নেইমারকে ব্রাজিলের তার চেয়ে একটুও কম নয়। প্রথম মাচেই তো চিলির কাছে হেরে বসেছিল সেলেসাওরা, ভেনেজুয়েলাকে পরের ম্যাচে হারিয়ে অবশ্য জয়ের ধারায় ফিরেছে। কিন্তু চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনার তির সামলাতে নেইমারের মতো ঢালই এখন দরকার দুঙ্গার। গত বছর দায়িত্ব নিয়ে শুরুটা দারুণ করেছিলেন ব্রাজিল কোচ। কিন্তু কোপা আমেরিকা ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাইয়েও ব্রাজিলকে চিনতে হচ্ছে জার্সি দেখে।
অবশ্য আর্জেন্টিনার সর্বশেষ স্মৃতিটা দুঙ্গার কাছে এখনো সজীব থাকার কথা। বছর ছয়েক আগে এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতেই আর্জেন্টিনায় গিয়েছিল ব্রাজিল। মেসির শহর রোসারিওর ওই ম্যাচে ম্যারাডোনার আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছিল দুঙ্গার ব্রাজিল। এরপর প্রতিযোগিতামূলক ম্যাচে দুই দলের আর দেখা হয়নি।
আরেকটা ছোট্ট হিসাবনিকাশও মেটানোর আছে দুঙ্গার। ১৯৯০ বিশ্বকাপে আকাশি-নীলদের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। পুরো ম্যাচটাই দুর্দান্ত খেলেও পরাজয়ের ওই ধাক্কা এখনো কাঁটা হয়ে থাকার কথা ওই দলের খেলোয়াড় দুঙ্গার। কী অদ্ভুত কাকতাল, ওই দলে দুঙ্গার দুই সতীর্থ তাফারেল ও কারেকা এখন ব্রাজিল দলে দুঙ্গার সহকারী। ২৫ বছরের ছোট্ট দেনাটা শোধ করার জন্য এমন উপলক্ষ বোধ হয় দুঙ্গা আর পেতেন না!
জয়টা যেমন দুই দলেরই খুব করে দরকার, ইতিহাসও ব্রাজিল-আর্জেন্টিনাকে দাঁড় করিয়ে দিচ্ছে প্রায় একই সমতলে। এখন পর্যন্ত দুই দলের ১০১ ম্যাচে ব্রাজিল জিতেছে ৩৯টি, আর্জেন্টিনা ৩৭টি। বিশ্বকাপ বাছাইয়েও প্রায়ই একই অবস্থা। ৬টি ম্যাচের ৩টি জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা ২টি।
ব্রাজিল কি আরও এগিয়ে যাবে এবার, নাকি ৩-৩ করে ফেলবে আর্জেন্টিনা? শুধু সময়ই জানে এই প্রশ্নের উত্তর।