আবার বায়ার্নের সামনে আর্সেনাল
পিএসজিকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন, সেটাও পাঁচ মৌসুমের মধ্যে প্রথমবারের মতো। আর্সেন ওয়েঙ্গার নিশ্চয়ই ভেবেছিলেন আর্সেনাল এবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে কোনো পরাশক্তির সামনে পড়বে না।
হা হতোস্মি! এবার কিনা রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মতো দল গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠল। বড় কোনো দলের সামনে পড়ার শঙ্কাটা তাই ছিলই। কাল সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রয়ে আর্সেনাল পেল বায়ার্ন মিউনিখকে। সেই বায়ার্ন, যাদের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে পাঁচ মৌসুমে চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে গানাররা। সেই বায়ার্ন যাদের কাছে ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমে এই দ্বিতীয় রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিল আর্সেনাল। গত মৌসুমে আবার গ্রুপ পর্বেই দেখা হয়েছিল দুই দলের। লন্ডনে ২-০ গোলে জিতলেও মিউনিখে ৫-১ গোলে হেরেছিল ইংলিশ ক্লাবটি।
বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অবশ্য মনে করেন এবার আর্সেনালকে বিদায় করা সহজ হবে না, ‘ড্রটাকে একই সঙ্গে দারুণ ও কঠিন বলতে হচ্ছে। গত কয়েক বছরে এতবার খেলেছি যে আর্সেনাল এখন আর অচেনা দল নয়। শেষ ষোলোতে শেষ দুবার জিতেছি। তবে আর্সেনাল শক্তিশালী দল। আমি তো বলব কয়েক বছরের মধ্যে ওরা এবারই সবচেয়ে শক্তিশালী।’
শুধু আর্সেনালই পরিচিত শত্রুকে পায়নি। তাদের গ্রুপসঙ্গী পিএসজিও পড়েছে চেনা শত্রুর সামনে। দ্বিতীয় রাউন্ডে ফরাসি ক্লাবটি খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে। সর্বশেষ চার মৌসুমে দুবার বার্সার কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পিএসজি। তা ছাড়া ২০১৪-১৫ মৌসুমে একই গ্রুপে ছিল প্যারিস ও বার্সেলোনার ক্লাব দুটি। পিএসজির ফুটবল পরিচালক ও সাবেক বার্সা স্ট্রাইকার প্যাট্রিক ক্লাইভার্টের কথায় পরিষ্কার কতটা কঠিন প্রতিপক্ষ পেয়েছে পিএসজি, ‘সুযোগ থাকলে আমি অন্য কোনো দলকে বেছে নিতাম।’
বার্সেলোনার ভাইস প্রেসিডেন্ট জর্দি মেস্ত্রে খুশি বায়ার্নকে এড়াতে পেরে, ‘অন্যদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি প্রতিপক্ষ হিসেবে বায়ার্নই সবচেয়ে শক্ত হতো।’
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল দ্বাদশ শিরোপা জয়ের আশায় দ্বিতীয় রাউন্ডে পেয়েছে ইতালির নাপোলিকে। প্রিমিয়ার লিগে খাবি খাওয়া পেপ গার্দিওলার সিটির প্রতিপক্ষ ফ্রান্সের মোনাকো। মোনাকোকে কঠিন প্রতিপক্ষই ভাবছে সিটি।
আগামী ১৪, ১৫, ২১ ও ২২ ফেব্রুয়ারি হবে দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ। দ্বিতীয় লেগের খেলা মার্চের ৭, ৮, ১৪ ও ১৫ তারিখে। এএফপি।
শেষ ষোলোতে মুখোমুখি
ম্যানচেস্টার সিটি–মোনাকো
রিয়াল মাদ্রিদ–নাপোলি
বেনফিকা–ডর্টমুন্ড
বায়ার্ন–আর্সেনাল
পোর্তো–জুভেন্টাস
লেভারকুসেন–অ্যাটলেটিকো
পিএসজি–বার্সেলোনা
সেভিয়া–লেস্টার সিটি