আবার বিয়ে করলেন পেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে পেলে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
স্ত্রী মার্সিয়া সিবেলে আওকির সঙ্গে পেলে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

যেন সিনেমার চিত্রনাট্য! পরিচয় হয়েছিল অনেক আগে। মাঝখানে যোগাযোগ বিচ্ছিন্ন। অনেক বছর পর হঠাৎ দেখা এলিভেটরে। কুশল বিনিময়, কথাবার্তা থেকে একটু একটু করে ভালো লেগে যাওয়া। তারপর মন দেওয়া-নেওয়া। ছয় বছরের সম্পর্কটাকে আনুষ্ঠানিক পরিণতি দিলেন পেলে। আজ (ব্রাজিলের স্থানীয় সময় অনুযায়ী শনিবার সন্ধ্য্যয়) সাও পাওলোতে প্রেমিকা মার্সিয়া সিবেলে আওকিকে বিয়ে করলেন ফুটবলসম্রাট।
বয়সের হিসেবে দুজনের দুস্তর ব্যবধান। পেলের বয়স এখন ৭৫, আওকি তাঁর চেয়ে ২৫ বছরের ছোট। আশির দশকে পরিচয় হয়েছিল দুজনের, ২০১০ সালে এসে আবার দেখা। এর পরেই প্রেমের শুরু। ২০১২ সালে পেলে প্রকাশ্যে বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন আওকিকে। এরপর পেলে বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, আওকি সব সময় তাঁর পাশেই ছিলেন। পেলে এখন অনেকটাই সেরে উঠেছেন, শুভকাজে তাই আর দেরি করতে চাননি। সাও পাওলোর এক পত্রিকাকে জানিয়েছেন, আওকির মধ্যে তিনি শাশ্বত ভালোবাসার দেখা পেয়েছেন।
এটা পেলের তৃতীয় বিয়ে। ১৯৬৬ সালে প্রথম বিয়ে করেছিলেন রোসামেরিকে। ১৯৮২ সালে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর সঙ্গে। ১৯৯৪ সালে মনোবিদ আইসিরিয়া লেমোসকে বিয়ে করেন, সেই বিয়ে টিকেছে ১৪ বছর।