আবার মাঠে রিয়ালের ফিগো, লিভারপুলের জেরার্ড

ম্যাচের একেবারে শুরুর দিকের ঘটনা। লিভারপুল বক্সে বল নিয়ে ঢুকলেন লুইস ফিগো। দৌড়ে এসেই তাঁকে ট্যাকল করলেন লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। ফিগোর সঙ্গে হালকা ধাক্কাও লাগল। অতটুকুতেই ক্যারাঘারের যেন ভীষণ দুশ্চিন্তা! বলের দিকে আর খেয়াল নেই, প্রথমেই ছুটলেন ফিগোর কাছে...আবার ব্যথা-ট্যথা পাননি তো পর্তুগিজ কিংবদন্তি!
ফিগো, ক্যারাঘার...নাহ্, বছর কয়েক আগের কোনো ম্যাচের বর্ণনা নয়। সেটা হলে এমন হালকা ধাক্কায় হয়তো ফিগোর ব্যাপারে পরোয়াও করতেন না ক্যারাঘার! তাঁরা খেলেছেন পরশু, অ্যানফিল্ডে, লিভারপুল ফাউন্ডেশনের উদ্যোগে। ঘরের মাঠের সমর্থকদের সামনে ক্যারাঘার আরেকবার গায়ে চড়ালেন লিভারপুলের লাল জার্সি, ফিগোর গায়ে রিয়াল মাদ্রিদের সাদা। রিয়াল মাদ্রিদ লিজেন্ডস বনাম লিভারপুল লিজেন্ডস!
ফিগো ছাড়াও রিয়াল জার্সিতে খেলেছেন ক্ল্যারেন্স সিডর্ফ, রবার্তো কার্লোস, ফার্নান্দো মরিয়েন্তেসের মতো সাবেকেরা। লিভারপুলের পক্ষে স্টিভেন জেরার্ড, মাইকেল ওয়েন, দিদি হামান, রবি ফাওলার। অ্যানফিল্ডে যেন তারার মেলা। বিখ্যাত কতজনকে বেঞ্চে বসিয়ে রাখার ‘দুঃসাহস’ও করেছে দুই দল। রিয়ালে এমিলিও বুত্রাগুয়েনো, হোসে আমাভিসকা; ওদিকে লিভারপুলে ইয়ান রাশ, জন অলড্রিজ, গ্যারি ম্যাকঅ্যালিস্টার...! পরে অবশ্য নেমেছেন তাঁরা সবাই।
কেউ একটু মুটিয়ে গেছেন, কারও চুলে পাক ধরেছে। রবার্তো কার্লোস তো ২০ মিনিটের মধ্যে হাঁপিয়ে গিয়ে মাঠ ছাড়লেন। কিন্তু ম্যাচে ওসবের ছাপ থাকলে তো! পুরো ম্যাচে গোল হলো সাতটি, দ্বিতীয়ার্ধেই ছয়টি, এর মধ্যে শেষ দশ মিনিটেই রিয়াল লিজেন্ডস করল তিন গোল! শেষ পর্যন্ত অবশ্য লিভারপুল লিজেন্ডন্সই ম্যাচটা জিতেছে, ৪-৩ গোলে।
কয়েক দিন আগে অন্যলোকে চলে যাওয়া ‘মিস্টার লিভারপুল’ রোনি মোরানকে সম্মান জানিয়ে শুরু ম্যাচটিতে ‘বুড়ো’রা ফেরালেন পুরোনো দিনের রোমাঞ্চ। বল পায়ে ফিগোর দৌড়, সিডর্ফের অদম্য স্পৃহা...মনেই হলো না, তাঁরা খেলা ছেড়েছেন অনেক বছর হয়ে গেছে! আর জেরার্ড তো ছিলেনই, অ্যানফিল্ডের ‘নায়ক’! যতবার তাঁর পায়ে বল গেছে, অ্যানফিল্ড-ভর্তি দর্শক একসঙ্গে চিৎকার করে উঠেছেন ‘শুউউউউট’। আকাঙ্ক্ষাটা অতৃপ্তও রাখলেন না ‘স্টিভি’, ৬৫ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর শট ফিরল বার কাঁপিয়ে। তার মিনিট ছয়েক পর দুর্দান্ত গোলও করে লিভারপুলকে এগিয়ে নিয়ে যান ৪-০ গোলে।
এর আগে প্রথমার্ধে ওয়েন ও দ্বিতীয়ার্ধে অলড্রিজকে দিয়ে দুটি গোল করিয়ে ম্যাচসেরাও তিনি। তবে সবচেয়ে মজার ঘটনাটা ঘটল লিভারপুলের তৃতীয় গোলটির সময়। জেরার্ড পেনাল্টি এনে দিলেন, সেটি নিতে গেলেন ফাওলার, অ্যানফিল্ডের ‘গড’ বলা হয় যাঁকে। কিন্তু দর্শকেরা চাইছিলেন জেরার্ডই পেনাল্টি নিন। অবিশ্বাস্য ঘটনাটাও ঘটল তখনই, জীবনে প্রথমবার অ্যানফিল্ডে দুয়ো শুনলেন ফাওলার! বলাবাহুল্য, ম্যাচের আবহের সঙ্গে মিল রেখে মজা করেই দুয়ো দেওয়া।
৭১ মিনিটে চার গোলে পিছিয়ে পড়ে রিয়ালের কিংবদন্তিরা যেন জেগে উঠলেন। স্প্যানিশ ক্লাবটির গায়ে সেঁটে থাকা ‘কামব্যাক কিংস’ উপাধিটার মর্যাদা বুঝিয়ে দিয়ে ১০ মিনিটে তিন-তিনটি গোলও হয়ে গেল। ৮০ মিনিটে এডউইন কঙ্গো, তার এক মিনিট পর মরিয়েন্তেস, আর ম্যাচের শেষ মুহূর্তে ডে লা রেড।
তবে এমন ম্যাচে জয়-পরাজয়ের হিসাব করে কে! এ তো অতীতের মিষ্টি সময়টাকে আরেকবার ফেরানোর সুযোগ। ৯০ মিনিটের জন্য ফেলে আসা সময়ে ডুব দেওয়া। দ্য টেলিগ্রাফ, এলএফসিটিভি।