আবার মিলানে বালোতেল্লি
একটা গোলের মূল্য কত হতে পারে? ২ কোটি ২০ লাখ ইউরো বোধ হয় একটু বেশিই হয়ে যায়। একটু অবিশ্বাস্য শোনাতে পারে, মারিও বালোতেল্লির একটা গোলের জন্য এই পরিমাণ অর্থই খরচ করতে হয়েছে লিভারপুলকে! এক বছর আগে বালোতেল্লিকে দলে আনতে প্রায় সোয়া দুই কোটি ইউরোই খরচ হয়েছিল ‘অল রেডস’দের। কিন্তু ইংলিশ লিগে মাত্র এক গোলের ‘কৃতিত্ব’ নিয়েই বালোতেল্লি ফিরে যাচ্ছেন নিজের দেশে। ধারে এসি মিলানে ফিরে যাচ্ছেন আপাতত এক মৌসুমের জন্য।
গত বছর মিলান থেকেই লিভারপুলে এসেছিলেন খ্যাপাটে এই স্ট্রাইকার। পুরোনো ক্লাবে ফিরে বালোতেল্লি যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন, ‘মিলানে ফিরতে পেরে আমি খুবই খুশি।’ কিন্তু মিলান সমর্থকেরা তাঁকে ঠিক খুশিমনে স্বাগত জানাচ্ছে না। ইতালিয়ান দৈনিক গাজেত্তা দেল্লো স্পোর্ত-এর এক জরিপে দেখা গেছে, ৭৪ শতাংশ মিলান সমর্থকই এই দলবদলের বিরোধী। সেটা অবশ্য স্বাভাবিকই। মিলানে থাকতে অনেকবারই ভুল কারণে খবর হয়েছেন। গত ফেব্রুয়ারির পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোলও পাননি বালোতেল্লি।
মিলান সভাপতি সিলভিও বার্লুসকোনি ও প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানিই আসলে বালোতেল্লিকে ফিরে পেতে চেয়েছেন। গ্যালিয়ানি তো দার্শনিকের মতো বলেই ফেলেছেন, ‘প্রিয় মানুষেরা চলে যাওয়ার পর কখনো কখনো ফেরেও। সভাপতি ও আমি খুবই রোমান্টিক মনের।’
সেই রোমান্টিকতা কত দিন থাকবে কে জানে! এএফপি।