বাফুফের সংসার বেশ বড় এখন, খরচও অনেক। কিন্তু আয়ের খাত প্রায় শূন্য। স্পনসর এসে থাকছে না বেশি দিন। সাম্প্রতিক সময়ে স্পনসর থেকে পাওয়া টাকার পরিমাণও আশঙ্কাজনকভাবে কমেছে। জোড়াতালি দিয়েই কোনোরকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বাফুফে। তাই একটু আর্থিক সচ্ছলতার মুখ দেখতে বারবারই সরকারের দ্বারস্থ হচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
কিন্তু এ পর্যন্ত ফলপ্রসূ কিছু হয়নি। তবু হাল না ছেড়ে গত বছর সরকারের কাছে চাওয়া বার্ষিক বরাদ্দ ৩৯ কোটি টাকা থেকে কমিয়ে এবার ২০ কোটি ৬০ লাখ টাকা চেয়েছে বাফুফে। গত মাসের মাঝামাঝি প্রস্তাবটি পাঠানো হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে।
গত বছর শুরুর দিকে সরকারের কাছে বার্ষিক ৩৭ কোটি টাকা সাহায্য চায় বাফুফে। পরে সাহায্য প্রস্তাবে বাড়ানো হয় আরও ২ কোটি। এর মধ্যে বাফুফে আয়োজিত সব টুর্নামেন্টের জন্য ১৪ কোটি, জাতীয় দলের জন্য ৮ কোটি, একাডেমির জন্য ৭ কোটি, মহিলা ফুটবলের জন্য ২ কোটি, জেলার জন্য সাড়ে ৫ কোটি, প্রতিভা অন্বেষণ কর্মসূচি বাবদ ৩ কোটি টাকা। ক্রীড়া মন্ত্রণালয় হয়ে প্রস্তাবটি যায় জাতীয় অর্থনৈতিক পরিষদের কাছে (একনেক)।
বাফুফের সহসভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় গত বছর যুব ও ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পেলে বাফুফে একটু আশান্বিত হয়ে ওঠে। জয় অনেকবারই বলেছেন, তাঁর পক্ষ থেকে সব রকম চেষ্টাই করা হচ্ছে এই অনুদান অনুমোদন করতে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একপর্যায়ে যান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে মুস্তফা কামাল ফাইলটি ফিরিয়ে দেন। সালাউদ্দিনকে তিনি বলেছিলেন, এ ধরনের প্রস্তাব অনুমোদনে অর্থ মন্ত্রণালয়ের সুপারিশ প্রয়োজন। বাফুফের ওই প্রস্তাবের সঙ্গে যা ছিল না। তা ছাড়া একনেক সাধারণত অবকাঠামোগত প্রস্তাবই অনুমোন করে। তার পরও সঠিক প্রক্রিয়ায় প্রস্তাব পেলে তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছিলেন।
সরকারের অনুদান পেতে প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতা নতুন কিছু নয়। তবে সম্প্রতি এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা হয়েছে সালাউদ্দিনের। অর্থমন্ত্রী বাজেট কমিয়ে নতুন একটি প্রস্তাব দিতে বলেন। সেটি জমা দিয়ে এখন আবার সরকারের দিকে তাকিয়ে আছেন ফুটবলের নীতিনির্ধারকেরা।
সংশোধিত প্রস্তাবে বছরে ২০ কোটি ৬০ লাখ টাকার মধ্যে প্রিমিয়ার লিগের জন্য ৪ কোটি, অন্যসব টুর্নামেন্ট বাবদ ১০ কোটি, সিলেট একাডেমি খাতে ৩ কোটি ৬০ লাখ, মহিলা ফুটবলে ১ কোটি ও বিদেশি কোচদের বেতন-ভাতা বাবদ ২ কোটি রাখা হয়েছে। এ ছাড়া থোক বরাদ্দ চাওয়া হয়েছে ফেব্রুয়ারিতে শেষ হওয়া বঙ্গবন্ধু কাপের বকেয়া মেটাতে সাড়ে ৩ কোটি, জাতীয় দল ৪ কোটি, অনূর্ধ্ব-২৩ দলের খেলা বাবদ ২ কোটি টাকা। অর্থমন্ত্রীকে উদ্ধৃত করে সালাউদ্দিন কাল জানালেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ১৩ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এ বিষয়ে অগ্রগতি জানাবেন।’
এমনিতে সরকারের কাছ থেকে বছরে ১০ লাখ টাকা পাচ্ছে ফুটবল। এটা অবশ্য সব ফেডারেশনকে দেওয়া বার্ষিক অনুদানের অংশ। এ ছাড়া পাইওনিয়ার ফুটবলের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রাখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর বাইরে গত বছর ফুটবল উন্নয়ন খাতে ২০ লাখ টাকা বিশেষ বরাদ্দ মিলেছিল এনএসসির কাছ থেকে। ফিফা বছরে আড়াই লাখ ডলার দিচ্ছে অনেক বছর ধরেই। আয়ের আর অন্য খাত নেই। তাই ঘুরেফিরে সরকারেরই কাছেই যাচ্ছে বাফুফে।