এখন পর্যন্ত শুধু ইরানেরই বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হয়েছে। দুই গ্রুপ থেকে আরও তিনটি দল যাবে সরাসরি, তৃতীয় সেরা দুই দল লড়বে প্লে-অফে খেলার জন্য। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের এশীয় অঞ্চলের শেষ দুই রাউন্ডের লড়াইটা বেশ জমজমাট। তবে লড়াইয়ে নামার আগে জাপান ও উজবেকিস্তান যেন দুই মেরুতে।
সংযুক্ত আরব আমিরাত-সৌদি আরব ম্যাচ দিয়ে গতকাল শুরু হয়েছে এশিয়ান বাছাইপর্বের শেষ দুই রাউন্ড। আগামীকাল দেশের মাটিতে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে জাপান।
১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে জাপান। দুইয়ে সৌদি আরব, তিনে অস্ট্রেলিয়া (দুই দলেরই ১৬ পয়েন্ট)। এই ম্যাচ হারলেও সুযোগ থাকবে জাপানের, তবে রাস্তাটা একটু কঠিন—শেষ ম্যাচে সৌদি আরবের মাঠে জিততে হবে। অস্ট্রেলিয়ার শেষ ম্যাচটা ঘরের মাঠে দুর্বল থাইল্যান্ডের বিপক্ষে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর এবারই প্রথম বিশ্বকাপ খেলার সুযোগ উজবেকিস্তানের। এর আগে ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বে রেফারির ভুলে, ২০১৩ সালে চতুর্থ রাউন্ডে (প্লে-অফের আগের রাউন্ড, দুই গ্রুপের দুই তৃতীয় সেরা দল খেলে) টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল উজবেকদের। এই মুহূর্তে গ্রুপে তৃতীয় তারা (১২ পয়েন্ট)। এই গ্রুপ থেকে ইরান চলে গেছে বিশ্বকাপে, উজবেকদের লড়াই তাই গ্রুপে দ্বিতীয় দক্ষিণ কোরিয়ার (১৩) সঙ্গে।
কাল চীনের সঙ্গে ম্যাচ উজবেকদের। পাঁচ দিন পর ঘরের মাঠেই সবচেয়ে বড় ম্যাচ, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। কোরিয়ানদের অবশ্য আগামীকালও কঠিন পরীক্ষা দিতে হবে ইরানের বিপক্ষে। ফিফা।