
আভাসটা পাওয়া যাচ্ছিল আগে থেকেই। আনুষ্ঠানিক ঘোষণা এল গতকাল। বাফুফের নতুন কমিটি প্রথম সভায় বসেই চূড়ান্ত করেছে লোডভিক ডি ক্রুইফের পুনর্নিয়োগ। ২০১৯ এশিয়া কাপের প্লে-অফ পর্বে আগামী ২ ও ৭ জুন তাজিকিস্তানের সঙ্গে দুটি ম্যাচের জন্য জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন মামুনুলদের সাবেক এই কোচ। তাজিকদের কাছে হারলেও অবশ্য পরবর্তী এশিয়া কাপের বাছাইপর্বে ঢুকতে বাংলাদেশ দল সেপ্টেম্বরে শেষ সুযোগ হিসেবে পাবে ভুটানকে।
ডি ক্রুইফের সঙ্গে বাফুফের সম্পর্ক তিক্তই ছিল বরাবর। বেতন ঠিকমতো পান না বলে কিছুদিন পর পরই সংবাদমাধ্যমে ঝড় তুলতেন ক্রুইফ, বাফুফের কর্তাদের তির্যক ভাষায় আক্রমণ করেছেন অনেকবার। এখন তাঁকেই আবার ফিরিয়ে আনার কারণটা বললেন জাতীয় দল কমিটির চেয়ারম্যানের চলতি দায়িত্ব পাওয়া বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ, ‘যেহেতু আমরা এখনো দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করতে পারিনি, তাই স্বল্প মেয়াদে আপাতত এক মাসের জন্য আনা হচ্ছে ক্রুইফকে। ৭ জুনের পর পরবর্তী সিদ্ধান্ত।’
সালাউদ্দিন তৃতীয়বার বাফুফে সভাপতি নির্বাচিত হওয়ার পর পেছনে হাঁটা কেন? এই প্রশ্নে নাবিল বলছেন, ‘ক্রুইফ পরিচিত কোচ, খেলোয়াড়দের সঙ্গে তাঁর জানাশোনা আছে, কমান্ড আছে, আমাদের মাঠ-আবহাওয়া তাঁর পরিচিত। নতুন কোনো কোচ আনলে তাঁর এসব ব্যাপার বুঝতেই এক মাস লাগবে।’ জানা গেছে, এবার এক মাসের জন্য ডি ক্রুইফের বেতন ৯ হাজার ইউরো এবং বাংলাদেশকে ২০১৯ এশিয়া কাপের বাছাইপর্বে তুলতে পারলে বোনাস ২ হাজার ইউরো।
১০-১১ মের মধ্যে ঢাকায় এসে ক্যাম্প শুরু করবেন ডি ক্রুইফ। সেই ক্যাম্পে থাকতে পারেন জাতীয় দলে নিষিদ্ধ চার ফুটবলার মামুনুল, জাহিদ (এক বছর) ইয়াছিন, সোহেল রানা (ছয় মাস)। নাবিল জানিয়েছেন, ওই খেলোয়াড়েরা আবেদন করলে তাঁরা ক্ষমাপ্রাপ্তি সাপেক্ষে তাজিকিস্তান ম্যাচে বিবেচিত হতে পারেন। মামুনুলরা আবেদন করবেন বলে জানা গেছে।
এ ছাড়া নির্বাচনী ডামাডোল উতরে ‘সৌহাদ্যপূর্ণ’ প্রথম সভাতেই ব্যতিক্রমী কিছু সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সেসবের মধ্যে উল্লেখযোগ্য, এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার নির্বাহী কমিটির সভা ও প্রতিবছর এপ্রিলের মধ্যে বার্ষিক সাধারণ সভা হবে। আগে নির্বাহী কমিটির সভা হতো তিন-চার মাস পর, বার্ষিক সাধারণ সভা শুধু নির্বাচনের সময়! এ ছাড়া হারুনুর রশিদকে চেয়ারম্যান ও আবদুর রহিমকে কো-চেয়ারম্যান করে অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর ও সত্যজিৎ দাস রুপু।
সভার পর বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী বলছিলেন, ‘আমরা প্রথম দিন থেকেই জবাবদিহি নিশ্চিত করতে চাই, এ কারণেই অভ্যন্তরীণ অডিট কমিটি।’ অর্থ কমিটির প্রধান পদে আছেন সালাম মুর্শেদী নিজেই, আগেরবারও এই দায়িত্ব ছিল তাঁর হাতে। এবার সঙ্গে থাকবেন চার সহসভাপতিও। এ ছাড়া তাজিকিস্তান ম্যাচের আগে ফেডারেশন কাপের বাছাইপর্ব শেষ করার ইচ্ছা ফেডারেশনের। একই সঙ্গে দ্রুত একটি পূর্ণাঙ্গ ক্রীড়াপঞ্জিকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন সালাম।