ফুটবলারদের বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে গত মৌসুমে তিন পর্বে হয়েছিল প্রিমিয়ার ফুটবল লিগ। সেই সুবাদে ১০ দলের লিগে প্রতিটি দল খেলেছে ২৭টি করে ম্যাচ। কিন্তু এক মৌসুম পর আবার আগের ছকে ফিরে যাচ্ছে দেশের সর্বোচ্চ ফুটবল লিগ। অর্থাৎ দুই পর্বেই হবে খেলা। দুই পর্ব মানে ম্যাচ কমবে। ১১ দলের আগামী লিগে প্রতি দল ম্যাচ পাবে ২০টি করে।
কাল লিগ কমিটির সভা শেষে এর সভাপতি সালাম মুর্শেদী যুক্তি দিলেন নতুন সিদ্ধান্তের পক্ষে, ‘ক্লাবগুলো তিন পর্বে খেলতে চায় না। লম্বা সময়, খরচ বেশি। তা ছাড়া জাতীয় দল ও ক্লাব দলের বেশ কয়েকটি সফর থাকায় খেলা বন্ধ থাকবে কয়েকবার। সব মিলিয়েই ক্লাবের দাবি মেনে আমরা আগের মতো দুই পর্বে লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’ তবে লিগ কমিটির সভায় উপস্থিত আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু সভার বাইরে গিয়ে বললেন ভিন্ন কথা, ‘গতবার আমরাই তিন পর্ব চেয়েছিলাম। সেটা অনুমোদন করেছিল বাফুফের নির্বাহী কমিটি। এবার তা পাল্টাতে হলে নির্বাহী কমিটির কাছে প্রস্তাব যেতে হবে। নির্বাহী কমিটির সিদ্ধান্তের আগে চূড়ান্ত কিছু বলা ঠিক হবে না।’
বেশির ভাগ ক্লাব না চাইলে বাফুফের নির্বাহী কমিটিই বা কী করবে, এটা বড় প্রশ্ন। বাংলাদেশে ক্লাবের চাওয়ার বাইরে কিছু হয় না। বাফুফের ভূমিকা অনেক সময়ই নির্বাক শ্রোতা কিংবা দর্শকের মতো। যেহেতু বেশির ভাগ ক্লাব চায় না, কাজেই দুই পর্বেই লিগ হবে এটা বলাই যায়।
তবে তিন পর্বের লিগের পক্ষে জোরালো মত দিয়েছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক, ‘অনেকে বলেন তিন পর্বের লিগ নাকি একঘেয়েমিপূর্ণ। বারবার খেলা বন্ধ হলে একঘেয়েমি লাগতেই পারে। তবে টানা খেলা চললে তিন পর্ব বেশ কার্যকর। এখানে পারফর্ম করার সুযোগ থাকে সব খেলোয়াড়ের। বাফুফের উচিত তিন পর্বই আয়োজন করা।’
ওদিকে সুপার কাপ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নতুন দলবদল শেষে সুপার কাপ দিয়ে নতুন মৌসুম শুরু করা যায় কি না, এমন চিন্তাভাবনা ছিল বাফুফের। তবে কাল লিগ কমিটির সভা শেষে জানানো হয়েছে, আগের দলবদল অনুযায়ীই এবার সুপার কাপ হতে পারে অক্টোবরে। এটি হবে বিদায়ী মৌসুমেরই সুপার কাপ। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় বিষয়টা চূড়ান্ত হওয়ার কথা।