আবার সেই বিপিএল...
ফিক্সিং, খেলোয়াড়দের প্রতিশ্রুত টাকা না দেওয়া, ফ্র্যাঞ্চাইজিদের চুক্তিভঙ্গ, এমনকি বাইলজের ভুল ব্যাখ্যারও ‘স্মারক’ টুর্নামেন্ট বলতে পারেন ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের আসর বিপিএলকে। এত সব বিতর্কের কারণেই দুই মৌসুম (২০১১-১২ ও ২০১২-১৩) হয়ে বন্ধ হয়ে গিয়েছিল তা। সেই বিপিএল ফিরছে আবারও। কাল সংবাদ সম্মেলন করে বিসিবির কর্মকর্তারা জানালেন, আন্তর্জাতিক সূচির সঙ্গে সাংঘর্ষিক না হলে আগামী ডিসেম্বরে আবারও বিপিএল আয়োজনের নীতিগত সিদ্ধান্ত একরকম চূড়ান্তই।
প্রশ্নোত্তর পর্বে স্বাভাবিকভাবেই উঠে এসেছে আগের আসরগুলোর নানা বিতর্ক। খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক এর একটি। বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইসমাইল হায়দার দাবি করলেন, ‘৯০ ভাগ বকেয়া বিসিবি পরিশোধ করে দিয়েছে। বাকি যা আছে, স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে তাদের দাবিদাওয়ার বিষয়টা দেখার জন্য বিসিবির পরিচালক নাঈমুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশি খেলোয়াড়দের দাবিদাওয়া বোর্ড খতিয়ে দেখবে। কারও ন্যায্য দাবি থাকলে সেটা অবশ্যই মেটানো হবে।’
ফ্র্যাঞ্চাইজিদের হয়ে বিসিবিকে তো খেলোয়াড়দের পাওনা মেটাতে হচ্ছেই। অভিযোগ আছে, বিপিএলের দুই আসরে খেলা সাতটি ফ্র্যাঞ্চাইজি শোধ করেনি ফ্র্যাঞ্চাইজি ফিও। পুরোনো হিসাব-নিকাশ শেষ না করে কীভাবে নতুন বিপিএল মাঠে গড়াবে? উত্তরটা দিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘চুক্তিভঙ্গের কারণে আমরা সব ফ্র্যাঞ্চাইজিকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছি। এখন তাদের দেনা-পাওনা নিয়ে শুনানি চলছে।’ নতুন করে বিপিএল হলে কি তাহলে পুরোনো ফ্র্যাঞ্চাইজিরা থাকবে না? বিপিএল সচিব সে রকম আভাসই দিলেন, ‘কোনো ফ্র্যাঞ্চাইজিই তাদের প্রতিশ্রুতি রাখেনি। আইনগতভাবে তারা শর্ত পূরণে ব্যর্থ। তারা কোনো চিঠির জবাব দেয়নি, এমনকি সমঝোতার জন্যও এগিয়ে আসেনি। কাজেই এটা বোঝাই যাচ্ছে যে বিপিএলের পরের আসরে তারা থাকছে না। তবে যদি কেউ সব পাওনা মিটিয়ে পরের আসরে খেলার আবেদন করে, বিসিবি সেটা বিবেচনা করে দেখবে। নয়তো নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া হবে।’
প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ক্ষেত্রে অবশ্য বকেয়া শোধ করে আসার শর্তটি প্রযোজ্য হবে না। এই ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়-কর্মকর্তাদের বিরুদ্ধে দ্বিতীয় বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ব্যাপারে আইসিসি থেকেই নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
প্রথম দুটি বিপিএলে ফ্র্যাঞ্চাইজি ফি থেকে শুরু করে খেলোয়াড়দের নিলাম মূল্য সবকিছুই এমন আকাশচুম্বী ছিল যে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে কোনোটাই যাচ্ছিল না। নিলামে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা ঝান্ডা উঁচিয়ে লাখ লাখ ডলারে খেলোয়াড় কিনলেও টাকা দেওয়ার সময় সবার পকেট ফাঁকা! প্রথম বিপিএলে যেমন নিলামে সর্বোচ্চ ২ লাখ ডলার দাম উঠেছিল নাসির হোসেনের। কিন্তু বাস্তবে পাননি এর অর্ধেকও। পরের আসরে সর্বোচ্চ দাম ওঠে সাকিব আল হাসানের, ৩ লাখ ৬৫ হাজার ডলার। তিনিও পুরো টাকা পাননি।
এবার তাই বিপিএলের আর্থিক দিকটিকে বাস্তবসম্মত করতে চাচ্ছে বিসিবি। বিপিএল সচিব যেমন বলছিলেন, ‘আমরা চাচ্ছি, কোনো কিছু নিয়ে যাতে কারও মনে সন্দেহ তৈরি না হয়। বিপিএলের আর্থিক কাঠামো এমন হবে যেন সেটা সবার জন্য সহনীয় থাকে, নিয়মিত টুর্নামেন্টটা চালানো যায়। গত দুই মৌসুম যে অবাস্তব আর্থিক কাঠামোর ওপর বিপিএল হয়েছে, এভাবে টুর্নামেন্ট টিকবে না।’ ফ্র্যাঞ্চাইজি ফি, খেলোয়াড়দের পারিশ্রমিকের অঙ্ক এসব এখনো চূড়ান্ত না হলেও জানা গেছে, নতুন বিপিএলের আর্থিক কাঠামো এমনভাবে করা হবে, যেন একটা ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ৫-৬ কোটি টাকার বেশি খরচ না হয়। খেলোয়াড়দের সর্বোচ্চ পারিশ্রমিক হতে পারে ২৫ থেকে ৩০ লাখ টাকা।
বিসিবি কর্মকর্তারা স্বচ্ছতার কথা বললেও বিপিএলের প্রথম দুই আসরের লাভ-ক্ষতি নিয়ে কেন জানি কেউ মুখ খুলতে রাজি নন! কোটি কোটি টাকার এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশের ক্রিকেটের আর্থিক কী লাভ হলো, সেটা জানার অধিকার সবারই আছে। অথচ এ ব্যাপারে সব সময়ই ঢাক ঢাক গুড় গুড়। কাল নতুন করে প্রশ্নটা তোলা হলেও সদুত্তর পাওয়া যায়নি। এখনো নাকি অনেক হিসাব-নিকাশ বাকি। তবে বিসিবির প্রধান নির্বাহী ও মিডিয়া কমিটির প্রধান—দুজনই মাথা ঝাঁকিয়ে বললেন, ‘লস নেই, আমরা লাভের মধ্যে আছি।’
আর্থিকভাবে শুরু থেকেই অস্বচ্ছ বিপিএল। বিসিবি কর্মকর্তারা স্বচ্ছ রাখছেন না এটি আয়োজন করে বাংলাদেশের ক্রিকেটের লাভ-ক্ষতির ব্যাপারটিও। বিপিএল হলে আসলে কার লাভ, কে জানে!