আবার সেই মেসি-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন বাঁধভাঙা উদ্‌যাপন কমই করতে দেখা যায় মেসিকে। পরশু জোড়া গোলে বায়ার্নকে ছিঁড়েখুঁড়ে বার্সা ফরোয়ার্ড ভেসে গিয়েছিলেন এমনই উচ্ছ্বাসে l রয়টার্স
এমন বাঁধভাঙা উদ্‌যাপন কমই করতে দেখা যায় মেসিকে। পরশু জোড়া গোলে বায়ার্নকে ছিঁড়েখুঁড়ে বার্সা ফরোয়ার্ড ভেসে গিয়েছিলেন এমনই উচ্ছ্বাসে l রয়টার্স

‘বিশ্বকাপের ফাইনালেই তো ওকে হারিয়েছি। মাঠেই দেখা যাবে কে সেরা।’
ম্যানুয়েল নয়্যারের কথাটা নীরবে সয়ে গেছেন। ম্যাচের আগে টুঁ শব্দও করেননি। দাঁতে দাঁত চেপে বরং ইস্পাতকঠিন শপথ নিয়েছিলেন, মাঠের জবাবটা হবে নির্মম, নির্দয়। নইলে গোল করার পর অমন স্বভাববিরুদ্ধ বুনো উল্লাসে ভেসে যাবেন কেন লিওনেল মেসি?
পরশু মেসি শুধু নয়্যারকে স্তব্ধ করে দেননি, তাঁর জাদুতে মোহাবিষ্ট অগুনতি ফুটবলদর্শকও। ‘অন্য গ্রহের ফুটবলার’, ‘প্লেস্টেশনের খেলোয়াড়’, ‘সর্বকালের অন্যতম সেরা’—মেসির নামের পাশে এসব উপমা বহুব্যবহারে ক্লিশে হয়ে পড়েছে। নতুন বিশেষণ খোঁজাই এখন জরুরি। বায়ার্নকে ৩-০ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পথে অনেক দূর নিয়ে গেছেন বার্সেলোনাকে, নিজে করেছেন দুই গোল। নেইমারকে দিয়ে করিয়েছেন অন্যটি। মেসিময় ম্যাচ! নাহ্, এর চেয়ে আরও বেশি কিছু।
প্রমত্ত ঝড় নাকি পূর্বাভাস দিয়ে আসে। ন্যু ক্যাম্পে ৭৬ মিনিট পর্যন্তও ঈশান কোণে মেঘের কোনো আনাগোনা ছিল না। বার্সার আক্রমণের ঢেউ ম্যাচের শুরু থেকেই আছড়ে পড়েছে বায়ার্নের রক্ষণে। বলতে গেলে দশভুজার মতো একাই সব সামাল দিয়েছেন নয়্যার। সুয়ারেজ, নেইমার, আলভেজদের হতাশ করে তখন পর্যন্ত তিনিই জয়ী। মেসির ফ্রিকিক ও দুরন্ত শট রুখে দিয়েছেন আত্মবিশ্বাস নিয়ে। মনে হচ্ছিল, নয়্যার তাঁর কথা রাখবেন।
কিন্তু ৭৭ মিনিটে যা হলো, বায়ার্ন গোলরক্ষকের সাধ্য ছিল না কিছু করার। বক্সের বাইরে থেকে মেসির শট জড়িয়ে গেল জালে, নয়্যার লাফ দিয়েও পারলেন না আটকাতে। ন্যু ক্যাম্পে তখন মহাসমুদ্রের গগনবিদারী কল্লোল।
সেই গর্জন স্তিমিত হতে না হতেই আবার মেসি-ঝলক। এবার আরও ‘ভয়ংকর সুন্দর’, ৮০ মিনিটে বোয়েটাংকে নাকানি-চুবানি খাইয়ে ফেলে দিলেন মাটিতে। আগুয়ান নয়্যারের মাথার ওপর দিয়ে ডান পায়ের চিপে করলেন ২-০। ফুটবলের সমস্ত সৌন্দর্য যেন ওই গোলের মধ্যে লুকিয়ে। অতিরিক্ত সময়ে আবারও দারুণভাবে বল বাড়ালেন নেইমারকে। বার্সা স্ট্রাইকার ৩-০ করতে না পারলে মেসির প্রতি অবিচারই হতো। নয়্যারকে একা পেয়ে সহজেই তাঁর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠালেন নেইমার।
অথচ মনে হচ্ছিল, ন্যু ক্যাম্পের পুনর্মিলনীতে পেপ গার্দিওলা বোধ হয় মাথা উঁচু করেই মাঠ ছাড়বেন। কিন্তু সিঁদুরে যে মেঘ দেখছিলেন, সেটিই যেন কাল হলো। ম্যাচের আগেই বলেছিলেন, ‘এই মেসিকে থামানো অসম্ভব’। ম্যাচ শেষে ওই কথাটাই যেন মনে করিয়ে দিলেন জেরার্ড পিকে, ‘গার্দিওলা খুব ভালো করেই মেসিকে চেনেন। এ-ও জানেন, তেতে উঠলে ওঁকে থামানো সম্ভব নয়।’
সত্যিই তাই। বায়ার্ন কোচের স্বীকার করতে দ্বিধা নেই, ‘১-০ হওয়ার পর আমাদের আত্মবিশ্বাস একটু টাল খেল। ২-০ হওয়া ছিল লজ্জা, তার পরও আমাদের একটা সুযোগ ছিলই। কিন্তু ৩-০ মানে কাজটা খুব কঠিন।’
গার্দিওলাকে ভাবতে হবে ৫৫ শতাংশ বল পজিশন নিয়েও কেন তাঁর দলকে এভাবে হারতে হলো! বার্সা দেখাল, বল পজিশন সব নয়, গোল চাই। ২০০৬ সালের পর চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচে এদিনই সবচেয়ে কম বল পজিশন ছিল বার্সার (৪৫ শতাংশ)। তাতে কী, এটি তো স্রেফ কাগুজে পরিসংখ্যান হয়ে গেল ম্যাচ শেষে।
তবে সব ছাপিয়ে সবার মুখেই মেসি-স্তুতি। সতীর্থ মাচেরানো একরকম ভাষাহীন, ‘ও এমন একজন খেলোয়াড়, যার বর্ণনা করা কঠিন।’ কোচ লুইস এনরিকে ‘এ আর এমন কী’ ভঙ্গিতে কাঁধ ঝাঁকান, ‘ও এখন আমাকে আর বিস্মিত করে না।’ ইনিয়েস্তার চোখেমুখে উচ্ছ্বাস, ‘কেউ যা করতে পারে না, ও সেটি করে দেখাতে পারে। আমরা সৌভাগ্যবান, ওর মতো একজনকে পেয়ে।’
মেসি নিজে কী বলছেন? কী আর বলবেন, এমন দিনেও আদ্যন্ত পেশাদারির খোলসে ঢেকে রাখলেন নিজেকে, ‘ফলটা দারুণ, কিন্তু এখনো একটা ম্যাচ আছে। আমাদের অনেক কাজ বাকি।’
নয়্যারকে আরও কিছু ‘উপহার’ দেওয়ার জন্য কি তাহলে ১২ মে ফিরতি লড়াইয়ে আলিয়াঞ্জ অ্যারেনাকে বেছে নেবেন জাদুকর? এএফপি, গোলডটকম।
মেসিনামা
চ্যাম্পিয়নস লিগে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে (৭৬ গোল) সবচেয়ে বেশি গোল এখন লিওনেল মেসির (৭৭টি)।
চলতি চ্যাম্পিয়নস লিগেও সবচেয়ে বেশি ১০ গোল এখন মেসির। এখানেও ছাড়িয়েছেন রোনালদোকে (৯টি)।
ইউরোপিয়ান প্রতিযোগিতায় এটি ছিল লিওনেল মেসির শততম ম্যাচ। পেপে রেইনা ও রাউলের পর তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে এই মাইলফলক ছুঁলেন বার্সা ফরোয়ার্ড।