আবার হকি লিগ স্থগিতের পাঁয়তারা!
প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছে ১২ মে থেকে। কিন্তু এরই মধ্যে লিগের বাকি ম্যাচ না খেলার জন্য বেঁকে বসেছে চ্যাম্পিয়ন ঊষা। ক্লাবসূত্রে জানা গেছে, তাদের পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা-জটিলতার কারণেই এই ‘কৌশল’ নিতে পারে ঊষা। অন্যসব ক্লাবের পাকিস্তানি খেলোয়াড়েরা সহজেই ছাড়পত্র নিয়ে বাংলাদেশে এসেছেন। কিন্তু ঊষার খেলোয়াড়েরা ইসলামাবাদে সাত দিন বসে থেকে ভিসা না পেয়ে ফিরে গেছেন। হকি ফেডারেশনের প্যাডে চিঠি লিখে জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে তদবির করেও খেলোয়াড় আনতে পারছেন না কর্মকর্তারা। এ জন্য আজ ক্লাবের কর্মকর্তারা খেলা বন্ধের আবেদন জানাতে পারে ফেডারেশনের কাছে। তাতে কাজ না হলে, আদালতে রিট আবেদন করতে পারে ঊষা।
এদিকে কাল বাংলাদেশ এসসি ১-০ গোলে সাধারণ বীমাকে হারায়। অন্য ম্যাচে ঢাকা মেরিনার ইয়াংস ৪-১ গোলে হারিয়েছে অ্যাজাক্সকে।
আজকের খেলা
সোনালী ব্যাংক-ওয়ান্ডারার্স
মোহামেডান-আজাদ