আবার হারল বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হেরেছে দল, তাইতো বিমর্ষ বার্সেলোনার সুয়ারেজ। ছবি: রয়টার্স
হেরেছে দল, তাইতো বিমর্ষ বার্সেলোনার সুয়ারেজ। ছবি: রয়টার্স

বার্সেলোনাকে ১-০ গোলে হারাল সেল্টা ভিগো। শনিবার লা লিগার ম্যাচে ৫৫ মিনিটে সেল্টা ভিগোর ফরওয়ার্ড হুয়াকিন লারিভের একমাত্র গোলে দারুণ জয় পায় সেল্টা ভিগো।

গত ২৬ অক্টোবর এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। এ নিয়ে পর পর দু ম্যাচে পয়েন্ট হারাল বার্সা।

খেলার শুরু থেকেই মেসি-নেইমাররা চাপের মধ্যে রাখে সেল্টা ভিগোর খেলোয়াড়দের। প্রথমার্ধ গোল শূন্য থাকে। বেশ কয়েকটি আক্রমণ রুখে দেন সেল্টার গোল রক্ষক সার্জিও আলভারেজ। খেলার দ্বিতীয়ার্ধেও বেশিরভাগ সময় বল থাকে বার্সার খেলোয়াড়দের দখলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ১০ মিনিটের মাথায় সেল্টাকে এগিয়ে নেয় লারিভে। এরপর একাধিকবার মেসি-নেইমাররা গোলের সুযোগ পেলেও সে সুযোগ রুখে দেন গোল রক্ষক।

খেলার ৮০ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে করা ফ্রি কিক কাজে লাগাতে পারেননি মেসি। নেইমার ও সুয়ারেজ একাধিক আক্রমণ করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১-০ গোলে হার মেনেই মাঠ ছাড়েন মেসি-নেইমাররা। রয়টার্স