গত দুই ম্যাচে মোহামেডানের ডাগআউটে দেখা যায়নি কোচ জসীমউদ্দিন জোসিকে। এই কোচকে ছাড়াই গত ম্যাচে চ্যাম্পিয়ন শেখ জামালকে হারিয়ে চমক দেখায় সাদা-কালোরা। কিন্তু জয়ের সেই ধারা রাখতে পারেনি পরের ম্যাচেই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে কাল ১-০ গোলে মোহামেডান হেরেছে উত্তর বারিধারার কাছে।
প্রথম ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে চমক দেখানো বারিধারা নয় ম্যাচ পর পেল দ্বিতীয় জয়। এই জয়েও পয়েন্ট টেবিলের তলানিতে বারিধারা। ১১ ম্যাচে পয়েন্ট ৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশে আছে মোহামেডান। এই ম্যাচ দিয়েই লিগের প্রথম পর্ব শেষ করল সাদা-কালোরা।
গত ম্যাচের সেই ক্ষুরধার আক্রমণ কাল আর করতে পারেনি বলেই হারতে হয়েছে ঐতিহ্যবাহী দলটিকে। উত্তর বারিধারাই ম্যাচে সুযোগ পেয়েছে বেশি। ৫৬ মিনিটে মিডফিল্ডার সেন্টু ফাঁকা পোস্টে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ৮৪ মিনিটে ধরা দিয়েছে গোল। বক্সে বারিধারার খালেকুজ্জামানকে ধাক্কা দিয়ে ফেলে দেন মোহামেডানের ডিফেন্ডার ইউসুফ। পেনাল্টিতে ১-০ করলেন সেই খালেকুজ্জামানই। আর এই জয় আনন্দে ভাসিয়েছে বারিধারাকে।
বেঞ্চে বাবুর ছেলে: গত ম্যাচে মোহামেডানের ডাগআউটে অলিখিত কোচের ভূমিকায় ছিলেন ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাফুফের নির্বাহী কমিটির এই সদস্য কাল ম্যাচের সময় ডাগআউটে বসিয়েছেন তাঁর ১০ বছরের ছেলেকে! গলায় ছিল অ্যাক্রেডিটেশন কার্ড। পরে অবশ্য ছেলেটিকে ডাগআউট থেকে সরিয়ে নেওয়া হয়।