দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে হারিয়ে জ্বলে ওঠার আভাস দিয়েছিল মোহামেডান। কিন্তু পরের ম্যাচেই আবারও হার, কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে তারা হারল অবশ্য নিজেদের ভুলে। বিশ্বনাথ ঘোষের আত্মঘাতী গোলে ম্যাচটি জিতে চট্টগ্রাম আবাহনী ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়েই থাকল। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয়ে মোহামেডান।
অন্যতম শিরোপাপ্রত্যাশী চট্টগ্রাম আবাহনী প্রথম পর্বের ছন্দটা হারিয়ে ফেলেছে। আগের ম্যাচে হেরেছে ঢাকা আবাহনীর কাছে। কাল তো জিতেছে সৌভাগ্যক্রমে।
২৮ মিনিটেই এগিয়ে যেতে পারত মোহামেডান। কিন্তু দুর্ভাগ্য, ইসমাইল বাঙ্গুরার জোরালো শটটি সাইডপোস্টে লেগে ফেরে। ৪৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর জাহিদের ক্রস বক্সের ভেতরে দাঁড়িয়ে থাকা মোহামেডানের বিশ্বনাথের বুকে লেগে ঢোকে জালে (১-০)।
চট্টগ্রাম আবাহনীর হয়ে কালই প্রথম খেলতে নামেন ভুটানের স্ট্রাইকার চেনচো গেলস্টেইন। কাদামাঠে মোটেও স্বচ্ছন্দ ছিলেন না চেনচো। তবে নিজের প্রথম ম্যাচেই জয়ে পেয়ে উচ্ছ্বসিত, ‘কাদামাঠে খেলাটা আমার জন্য একটু কঠিন ছিল। আমি তো কৃত্রিম টার্ফে খেলে অভ্যস্ত। সতীর্থদের সঙ্গে ভালোমতো বোঝাপড়াটা হয়নি বলেই প্রথম ম্যাচে গোল পাইনি। তবে শেষ পর্যন্ত দল জিতেছে বলেই খুশি। চট্টগ্রাম আবাহনীকে চ্যাম্পিয়ন করতেই এখানে এসেছি আমি।’
ভুটানে গত ১০ অক্টোবর চেনচোর জোড়া গোলেই বাংলাদেশ বিদায় নেয় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে। প্রসঙ্গটি তুলতেই চেনচোর লাজুক হাসি, ‘আসলে দেশের হয়ে সবাই গোল করতে ভালোবাসে। আমিও দলকে জিতিয়ে গর্বিত।’