আবার হারল রিয়াল

আসল ‘খেলোয়াড়’টিই নেই। না, চেলসিতে স্থায়ী ঠিকানা করে নেওয়া থিবো কর্তোয়া বা ডিয়েগো কস্তার হচ্ছে না। কথা হচ্ছে আরেক ডিয়েগোর। শুঁয়োপোকা থেকে আশ্চর্য জাদুকাঠির স্পর্শে অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রজাপতি বানিয়ে তোলা সিমিওনে রেফারিকে লাঞ্ছিত করে কয়েক ম্যাচ ধরে ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখতে বাধ্য হচ্ছেন। কিন্তু তবুও তাঁর জাদু থাকলই। আজ স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেই ২-১ গোলে হারিয়ে গেল প্রতিবেশী অ্যাটলেটিকো মাদ্রিদ।
ম্যাচের দশ মিনিটেই টিয়াগোর গোলে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো। টিয়াগোরই স্বদেশি ক্রিস্টিয়ানো রোনালদো ২৬ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেছিলেন। এরপর জয়সূচক গোলটির দেখা পেতে একের পর এক আক্রমণ শানাতে থাকে রিয়াল। কিন্তু আক্রমণভাগের প্রায় সবাই মিলে দায়িত্ব নেওয়ায় ‘গরিব’ অ্যাটলেটিকো যেমন কস্তার শূন্যতা পূরণ করে দিয়েছে, মিগুয়েল ময়া যেন একাই ভার নিয়েছেন কর্তোয়াকে ভুলিয়ে দিয়ে গোলদূর্গ সামলানোর। দুর্দান্ত কিছু সেভ করে তিনি বুঝিয়ে দিয়েছেন, কীসের জাদুতে সাধারণ মানের ফুটবলারটির ভেতর থেকেও সিমিওনে সেরাটা বের করে আনেন।
রিয়াল তো গোল পায়ইনি, উল্টো স্রোতের বিপরীতে বদলি হিসেবে নেমে ৭৬ মিনিটে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন আরদা তুরান। স্প্যানিশ সুপার কাপের পর লিগেও রিয়ালকে হারিয়ে অ্যাটলেটিকো বুঝিয়ে দিল, গতবার তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়া কোনো অঘটন নয়।
তবে রিয়াল কিন্তু লিগে অঘটনের ধাক্কাতেই আছে। তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় পরাজয়!