আবার হারল লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঘটনের শিকার হওয়াটাই যেন নিয়তি এখন লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগে গতবারের রানার্সআপরা কাল ১-০ গোলে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। দশম ম্যাচে লিভারপুলের এটি চতুর্থ হার। ৪ জয় আর ২ ড্র মিলিয়ে তাদের পয়েন্ট ১৪। তবে লিভারপুল হারলেও জিতেছে অন্য দুই পরাশক্তি চেলসি ও আর্সেনাল। অস্কার ও এডেন হ্যাজার্ডের গোলে হোসে মরিনহোর দল ২-১ ব্যবধানে হারিয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সকে। বার্নলির সঙ্গে আর্সেনাল জিতেছে ৩-০ গোলে, জোড়া গোল করেছেন অ্যালেক্সিস সানচেজ। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানটা ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ১৭।
সিরি ‘আ’তে হোসে মারিয়া কায়েহন ও গঞ্জালো হিগুয়েইনের গোলে রোমাকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাপোলি। এএফপি।