আবার হারল শেখ রাসেল

জাতীয় দলের ভুটান লজ্জার চার দিন পর আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগ। দেখার ছিল এশিয়ান কাপের ফিরতি প্লে অফে খেলে আসা স্থানীয় ফুটবলাররা কেমন খেলেন?
প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্র ও আরামবাগের জার্সি গায়ে খেলেছেন বেশ কয়েকজন জাতীয় দলের ফুটবলার। তাঁরা সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে স্থানীয় কেউ নন, ম্যাচের মূল আলোটা কেড়ে নিলেন যথারীতি একজন বিদেশি। আর সেই থিয়াগো টাইসনের করা ম্যাচের একমাত্র গোলে শেখ রাসেল ক্রীড়াচক্রকে হারিয়ে দিল আরামবাগ। বক্সের ওপর থেকে ৩৬ মিনিটে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
শেখ রাসেলের যে কী হলো, একটু সুখও কপালে সইছে না! নইলে নবম ম্যাচে এসে সিলেটে জয়ের মুখ দেখে পরের ম্যাচেই কেন আবার ফিরবে হারের ধারায়! সিলেটে ঢাকা মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে একটু স্বস্তির নিশ্বাস ফেলেছিল দলটি। কিন্তু সেটি ছিল সাময়িক। জামাল ভূঁইয়া, এমিলিদের শেখ রাসেল যথারীতি গোল করতে না পারার মাশুল গুনল আজও। প্রায় দশ কোটি টাকার দলটি দশ ম্যাচে পেয়েছে মাত্র পাঁচ পয়েন্ট।
সমান ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৪। মতিঝিল ক্লাব পাড়ার দলটির এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে সিলেটে ফেনী সকারের বিপক্ষে পেয়েছে ৫-১ গোলের বড় জয়।