আবার হোঁচট ইউনাইটেডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে ফলটা নিয়ে লুই ফন গালের খুশি হওয়ার কোনো কারণ নেই। যে দলের সঙ্গে সর্বশেষ ১৩ ম্যাচের ১১টিতেই জয়, তাদের সঙ্গে ১-১ গোলে ড্র-ম্যানচেস্টার ইউনাইটেড কোচ খুশি হন কী করে? কিন্তু কাল ব্রিটানিয়া স্টেডিয়ামে স্টোক সিটির সঙ্গে পয়েন্ট খোয়ানোর পর ফন গালই বললেন, ‘ফলটা ন্যায্যই হয়েছে। দুই দলের কারোরই জয়টা প্রাপ্য ছিল না।’ ফন গালের কথার সঙ্গে দ্বিমত করার উপায় নেই, ম্যাড়মেড়ে ম্যাচে দুই দলের কেউই খুব একটা গোলের সুযোগ সৃষ্টি করতে পারেনি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই কর্নার থেকে রায়ান শক্রুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ২৪ মিনিট পর রাদামেল ফ্যালকাও সমতা আনেন ইউনাইটেডের হয়ে, এবারও উৎস কর্নার। স্টোক অবশ্য নিজেদের দুর্ভাগা ভাবতে পারে, ইউনাইটেড ডিফেন্ডার ক্রিস স্মলিং বক্সের ভেতর বলে হাত লাগালেও পেনাল্টি দেননি রেফারি।
কাল বছরের প্রথম দিনটা ভালো যায়নি আর্সেনাল ও লিভারপুলেরও। সাউদাম্পটনের কাছে ২-০ গোলে হেরে বসেছে আর্সেনাল, স্বাগতিকদের হয়ে গোল দুটি করেছেন সাদিও মানে ও ডুসান টাডিচ। অ্যানফিল্ডে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরেও লেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লিভারপুল। স্টিভেন জেরার্ডের জোড়া পেনাল্টিতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ৫৮ ও ৬০ মিনিটে ডেভিড নাজেন্ট ও জেফরি শ্লুপের দুই গোলে সমতা ফেরায় লেস্টার সিটি।
হোঁচট খেতে পারত ম্যানচেস্টার সিটিও। ইতিহাদে নাটকীয় এক ম্যাচে ইয়া ইয়া তোরে ও স্তেফান ইয়োভেতিচ ৬৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে দিয়েছিলেন সিটিকে। ৬৮ ও ৭১ মিনিটে জ্যাক রডওয়েল ও অ্যাডাম জনসনের গোলে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে সান্ডারল্যান্ড। ৭৩ মিনিটে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারে সিটি (৩-২)। কাল চেলসি–টটেনহাম ম্যাচের আগ পর্যন্ত ৪৬ পয়েন্ট নিয়ে সিটি ছিল দুইয়েই, তিনে ইউনাইটেড (৩৭), চারে সাউদাম্পটন (৩৬), এক পয়েন্ট পিছিয়ে পাঁচে আর্সেনাল। স্টার স্পোর্টস, বিবিসি।