
ন্যু ক্যাম্পের এই ম্যাচটার আগে অনেক কথাবার্তা হচ্ছে। তবে সব কথার সারমর্ম স্প্যানিশ দৈনিক মার্কা নিয়ে এসেছে তাদের এক লাইনের শিরোনামে: ‘আরও একবার অসম্ভবের স্বপ্নে’। শিরোনামের নিচে লুইস এনরিকের ছবি। বোঝাই যাচ্ছে, কথাটা বার্সেলোনার জন্য। জুভেন্টাসের বিপক্ষে আজ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তো প্রায় অসম্ভবকেই সম্ভব করতে হবে বার্সেলোনাকে।
ঠিক এই কথাগুলোই অবশ্য বলা হচ্ছিল গত মাসে পিএসজির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগটার আগে। প্রথম লেগে পিএসজির মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসেছে বার্সা। চোখ রাঙাচ্ছে ইতিহাস—চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগ চার বা এর বেশি গোলের ব্যবধানে হেরে কোনো দল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু ন্যু ক্যাম্পে ৬-১ গোলে জিতে বার্সা সেই ইতিহাস নতুন করে লিখেছে। একবার অসম্ভবকে সম্ভব করতে পারলে আবার কেন নয়?
আবার কেন নয়, এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই অবশ্য মার্কা মনে করিয়ে দিয়েছে পিএসজি আর জুভেন্টাসের শক্তির পার্থক্যটা। গোলের হিসাবে এবার বার্সেলোনার কাজটা তুলনামূলক সহজ মনে হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, জুভদের রক্ষণ এই মুহূর্তে ইউরোপের অন্যতম সেরা। এবার চ্যাম্পিয়নস লিগেও ৯ ম্যাচ খেলে মাত্র ২ গোল খেয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ম্যাচপ্রতি ওদের চেয়ে কম গোল খায়নি অন্য কোনো দল। যেখানে ৯ ম্যাচ খেলে বার্সা খেয়েছে ১২ গোল! পিএসজির জালে ৬ গোল দেওয়ার চেয়েও জুভেন্টাসের জালে ৩ গোল দেওয়া কঠিন মনে হতেই পারে।
কিন্তু একবার পেরেছে বলেই সেই কঠিন কাজটাকেই অসম্ভব মনে করছে না বার্সা। তুরিন থেকে ৩-০ গোলে হেরে আসার পরও আশা ছাড়ছেন না কোচ লুইস এনরিকে। সুয়ারেজ-নেইমাররা জোর গলায় বলতে পারছেন, ‘আবারও সম্ভব ঘুরে দাঁড়ানো।’ নেইমারের কথাটা খুব কাব্যিক, ‘আমাদের কোয়ালিফাই করার সুযোগ ১ শতাংশ। বাকি ৯৯ শতাংশ হলো পরিশ্রম, আত্মবিশ্বাস, ভাগ্য ও গোল। সবকিছুই হবে।’
দুই লেগের একটা ম্যাচে প্রথম লেগ শেষে এগিয়ে থাকার পরও আলোচনাটা বেশি প্রতিপক্ষকে নিয়ে! জুভেন্টাস খেলোয়াড়দের যাতে রাগ হওয়ার কথা। কিন্তু বার্সেলোনাকে চেনা আছে বলেই বোধ হয় সে রকম কোনো প্রতিক্রিয়া নেই। ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনির কণ্ঠে বরং প্রতিপক্ষের জন্য শ্রদ্ধা, ‘বিশ্বসেরা আক্রমণভাগ ওদের। ওদের তিন ফরোয়ার্ড সম্ভবত বিশ্বের সেরা পাঁচজনের তিনজন।’ লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজের ব্যাপারে সতর্কও করে দিলেন সতীর্থদের, ‘ওরা হাঙরের মতো। যদি আপনি ওদের সামনে স্নায়ুচাপের বিন্দুমাত্র লক্ষণও দেখান, ওরা রক্তের গন্ধ পেয়ে যাবে এবং আপনাকে শেষ করে দেবে। ওদের যতটা সম্ভব পেছনে চাপিয়ে রাখতে হবে। ওদের পায়ে বল গেলে দ্রুত কেড়ে নিতে হবে।’
জুভেন্টাস সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ১৯৯৬ সালে, জিয়ানলুকা ভিয়াল্লি ছিলেন সেই দলের অধিনায়ক। বার্সার আক্রমণভাগের শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে তাঁরও। তবে তিনি সেটি নিয়ে বেশি না ভাবারই পক্ষে। তাঁর ভয়, বার্সাকে বাড়তি শ্রদ্ধা দিতে গিয়ে জুভেন্টাস যেন নিজেদের শক্তিটা ভুলে না যায়। বাইরে প্রকাশ না করলেও জুভেন্টাস সেই আত্মবিশ্বাসে টগবগ করছে বলেই মনে করেন সাবেক এই ইতালিয়ান স্ট্রাইকার, ‘অ্যালেগ্রির দলটা এখন ইউরোপের সেরা। আর প্রথম লেগে বার্সেলোনার মতো দলের বিপক্ষে ওরকম একটা জয়ের পর তো আত্মবিশ্বাস এমনিতেই তুঙ্গে থাকার কথা, নিজেদের মনে হওয়ার কথা ড্রাগন!’
কিয়েল্লিনি ও ভিয়াল্লির কথা থেকে ন্যু ক্যাম্পে আজকের ম্যাচটার তাহলে আরেকটা নাম দেওয়াই যায়।
হাঙর বনাম ড্রাগন! এএফপি, রয়টার্স, মার্কা।
জুভের সুখস্মৃতি
ন্যু ক্যাম্পে সর্বশেষ সফরে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছিল জুভেন্টাস। ২০০২-০৩ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুরিনে প্রথম লেগ শেষ হয়েছিল ১-১ গোলে। ন্যু ক্যাম্পে ফিরতি লেগও ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের গোলে জিতে যায় জুভেন্টাস।