আবারও আগুয়েরোর চোট
এর চেয়ে খারাপ সময়ে চোটটা আসতে পারত না। বুধবারেই রোমার সঙ্গে চ্যাম্পিয়নস লিগের মরাবাঁচার লড়াই। অথচ পরশু এভারটনের সঙ্গে ম্যাচটি মাত্র ২ মিনিট গড়াতেই সার্জিও আগুয়েরো চোট পেলেন লিগামেন্টে। চোখের কোণে চিকচিক করতে থাকা জল বলছিল, চোটটা তাঁর শরীরের চেয়ে মনেই লেগেছে বেশি।
তা লাগারই কথা। চোটের সঙ্গে তো সখ্য অনেক দিনের। এই মৌসুমে হয়তো ভেবেছিলেন, চোটের অভিশাপ আর তাড়া করবে না। মাঠেও সময়টা দারুণ কাটছিল, এখনো তো লিগে সবচেয়ে বেশি ১৪ গোল আর্জেন্টাইন এই স্ট্রাইকারেরই। কিন্তু আততায়ী চোট পিছু ছাড়ল না। ম্যাচটা ১-০ গোলে জিতেও সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বিষাদমাখা কণ্ঠে বলেছেন, ‘খবরটা ভালো নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সে রোমার সঙ্গে ম্যাচে খেলতে পারবে না। এটা আমাদের জন্য বিশাল একটা ধাক্কা।’
আগুয়েরোকে হারানো সিটির জন্য যেমন বিরাট আঘাত, তেমনি রোমার জন্য স্বস্তির। তবে এভাবে বুধবারের ম্যাচে খেলতে পারবেন না, সেটা চাননি রোমা কোচ রুদি গার্সিয়াও, ‘ওর মতো দারুণ একজন খেলোয়াড়ের এভাবে চোট পাওয়া ফুটবলের জন্যই ক্ষতি। আমি ওকে অলিম্পিকোতে দেখতেই চাইতাম।’ এএফপি।