আবারও আবাহনীর নায়ক রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুবেল মিয়াকে (ডানে) সতীর্থদের অভিনন্দন। তাঁর একমাত্র গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের শেষ আটে উঠেছে আবাহনী l প্রথম আলো
রুবেল মিয়াকে (ডানে) সতীর্থদের অভিনন্দন। তাঁর একমাত্র গোলে মুক্তিযোদ্ধাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফেডারেশন কাপের শেষ আটে উঠেছে আবাহনী l প্রথম আলো

ম্যাচের পরপরই গাইবান্ধার বাড়িতে মাকে ফোন করেছেন রুবেল মিয়া। এমনিতে ছেলের খেলা থাকলে মা ইসমত আরার কোনো কাজে মন বসে না। ফেডারেশন কাপের খেলা টিভিতে না দেখানোয় ফল জানার জন্য এখন ফোনই ভরসা। কাল ছেলের ফোন পেয়ে মা খুব খুশি। ছেলের একমাত্র গোলেই যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ঢাকা আবাহনী উঠে গেছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে।
কদিন আগে এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিপক্ষে আবাহনী ২-০ জয়ে রুবেলের প্রায় মাঝমাঠ থেকে করা গোলটির কথা সহজে ভোলার নয়। মালদ্বীপের মাজিয়ার কাছে এএফসি কাপে দুই গোলে হেরে আসা আবাহনীকে কাল ফেডারেশন কাপে নতুন প্রাণ দিলেন সেই রুবেলই। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্লাবে ফেরার পথে এই উইঙ্গার বলে গেলেন, ‘সকাল থেকেই মনটা কেমন করছিল। ভাবছিলাম গোল করে দলকে জেতাব। সেটা করতে পেরে নির্ভার লাগছে নিজেকে।’
নির্ভার লাগারই কথা। গোটা আবাহনী দলটাই নির্ভার। কারণ এই ম্যাচে দুই গোলের ব্যবধানে হেরে গেলে মৌসুমের প্রথম টুর্নামেন্টে নকআউট পর্বের আগেই হয়ে যেত দর্শক। যদিও ড্র হলে আবাহনী খেলত শেষ আটে।
দুই গোলের ব্যবধানে হেরে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা বিদায় নিলে সাইফ চলে যেত শেষ আটে। সাইফ তাই এই ম্যাচটার ওপর চোখ রাখছিল। নবাগত দলটি চাইছিল আগেই তাদের হারিয়ে শেষ আটে চলে যাওয়া মুক্তিযোদ্ধার জয়। কিন্তু জয় পাওয়ার অত গরজ ছিল না মুক্তিযোদ্ধার। এমনকি হারলেও কোয়ার্টার ফাইনালে খেলত তারা।
এ কারণে মুক্তিযোদ্ধা রয়েসয়ে খেলে প্রতি-আক্রমণনির্ভর ফুটবলই বেছে নেয়। কিন্তু আবাহনীর সঙ্গে পেরে ওঠেনি মূলত প্রচণ্ড গরম আর প্রতিপক্ষের শক্তির কাছে। বল দখল আবাহনীরই ছিল বেশি। তারা আক্রমণেও গেছে বেশি। মুক্তিযোদ্ধা সেখানে চোখ পড়ার মতো কিছু করতে পারেনি। অ্যাটাকিং থার্ডে এসে মুক্তিযোদ্ধার ফুটবলাররা বল রাখতে পারেননি পায়ে। দ্রুতই তা হারিয়ে ফেলেছেন। আবাহনী রক্ষণ জমাট রাখতে দুই বিদেশির একজন ল্যান্ডিংকে ওপরে রেখে রক্ষণে রাখে সামাদ ইউসুফকে। যার ফলে গোলের তেমন রাস্তাই বের করা সম্ভব হয়নি মুক্তিযোদ্ধার পক্ষে।
দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ নষ্ট না করলে আবাহনীর জয়ের ব্যবধান হতে পারত অন্তত ৪-০। কম করেও ৩-০। গোল নষ্ট হয়েছে অনেক। আবাহনী শিবির তাই একটু হলেও ভয়ে ছিল যদি শেষ দিকে কোনো দুর্ঘটনা ঘটে যায়!
দুর্ঘটনা ঘটেনি। আবাহনী জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ২৯ মিনিটে রুবেল মিয়ার এনে দেওয়া গোলটা নিয়ে। মাঝমাঠ থেকে দৌড় শুরু করেছিলেন। বক্সের সামনে বলটা বাড়িয়ে দেন ল্যান্ডিং। বাঁ পায়ে বল নিয়ে ডান পায়ের শটে জালে পাঠান রুবেল।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনীর যে বিরাট লাভ হলো, তা নয়। আসলে মর্যাদার সঙ্গে শেষ আটে ওঠা গেছে, এই আর কী! আবাহনী শেষ আটে সামনে পাবে ব্রাদার্সকে। গ্রুপ রানার্সআপ মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ রহমতগঞ্জ।