ইউনাইটেডকে বাঁচাতে ফিরছেন ফার্গুসন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্গুসন-গিগস - মাঠের সাফল্য অনূদিত হবে ডাগআউটেও? ছবি: এএফপি।
ফার্গুসন-গিগস - মাঠের সাফল্য অনূদিত হবে ডাগআউটেও? ছবি: এএফপি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউট সামলেছেন ২৭ বছর ধরে । ক্লাবটির সমর্থকদের কাছে তাঁর মর্যাদা জীবন্ত কিংবদন্তিরই। অনেক শিরোপা আর তার চেয়েও বেশি স্মৃতি উপহার দিয়ে ২০১৩ সালে ইউনাইটেডের কোচ হিসেবেই অবসর নিয়েছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন।

ফার্গুসন গেলেন, তাঁর সঙ্গে যেন বিদায় নিল ইউনাইটেডের সাফল্যের কালও। স্কটিশ এই কোচ যাওয়ার পর থেকে যে একটি কমিউনিটি শিল্ড ছাড়া আর কিছুই জিততে পারেনি ইউনাইটেড। অবস্থাটা এমন, শিরোপার চেয়ে কোচ বেশি দেখেছে রেড ডেভিলরা। প্রথমে ডেভিড ময়েস, তারপর লুই ফন গাল, আর মাঝে অল্প কিছুদিনের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রায়ান গিগস। কোচের এই মিউজিক্যাল চেয়ার খেলা​র মধ্যেই ইউনাইটেড সমর্থকেরা যেন ফার্গুসনের অভাবটা অনুভব করছেন বেশি করেই। বয়সটা ৭৪ হয়ে গেছে বলেই কোচ ​না হয়ে পরামর্শক হিসেবেও যোগ দিতে পারেন তিনি। তিনি পরামর্শক হলে কোচের দায়িত্বে থাকবেন রায়ান গিগস।

আজ প্রিমিয়ার লিগে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের সঙ্গে ‘ডার্বি’ খেলতে নামছে ইউনাইটেড। যেটিকে দেখা হচ্ছে বর্তমান কোচ ফন গালের মরণ-বাঁচন লড়াই হিসেবে। গুঞ্জন আছে, এই ম্যাচে হারলেই বরখাস্ত হবেন ফন গাল। সে ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মৌসুমের শেষ পর্যন্ত সহকারী কোচ রায়ান গিগসকে ডাগআউটের দায়িত্ব দিয়ে দিতে পারে ইউনাইটেড। আর তাঁর পরামর্শক হিসেবেই থাকতে পারেন ফার্গুসন।

যা-ই হোক, ইউনাইটেড সমর্থকদের তাতে খুশিই হওয়ার কথা, দুই দিকেই জয়ই দেখছেন তাঁরা। চাকরি বাঁচাতে হলে ফন গালকে লিভারপুলের সঙ্গে দলকে জেতাতে হবে। মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ই তো চাইবেন সমর্থকেরা। আর সেটি যদি না-ই হয়, সে ক্ষেত্রে দেখা যেতে পারে ফার্গুসন-গিগস যুগলবন্দি। খেলোয়াড়-কোচ হিসেবে দুজন ইউনাইটেডকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের শীর্ষে, কোচ-পরামর্শক হিসেবেও তেমন কিছু হবে না সেটি কে বলতে পারে!

পুরো ব্যাপারটা এখনো গুঞ্জন, তবে আরও একবার চুইংগাম চিবোতে থাকা এই বৃদ্ধ মুখটিকে ইউনাইটেডে দেখা ফুটবলের জন্যই হয়তো বড় পাওয়াই।