আবারও ইব্রার কাঠগড়ায় গার্দিওলা

পেপ গার্দিওলার ওপর ‘ক্ষোভ’ বোধ হয় কমেনি জ্লাতান ইব্রামোভিচের! সময়-সুযোগ পেলেই নিজের কাঠগড়ায় দাঁড় করান সাবেক বার্সেলোনা কোচকে। চ্যাম্পিয়নস লিগে আজ পিএসজির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। ম্যাচের আগে ইব্রা জানালেন, বার্সায় থাকার সময়ই চ্যাম্পিয়নস লিগ জিততে পারতেন। সেটি হয়নি নাকি ‘কোনো একজনে’র ভুল সিদ্ধান্তের কারণে।
সেই ‘কোনো একজন’টা কে—অনুমান করা কঠিন কিছু নয়। কারণ, গার্দিওলা সম্পর্কে ইব্রার বাঁকা মন্তব্য নতুন কী! ২০০৯ সালের ২৭ জুন, বার্সেলোনা ঘোষণা করল ইব্রামোভিচ আসছেন ন্যু ক্যাম্পে। দামটাও মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই, ছয় কোটি ৬০ লাখ ইউরো! মেসি ও ইব্রা—বার্সা রোমাঞ্চিত হয়েছিল দুর্দান্ত এক যুগলবন্দীর সম্ভাবনায়। কিন্তু সেটা সফল হয়নি। ইব্রা ক্লাব ছেড়ে দিয়েছেন পরের বছরেই।
২৯ ম্যাচে ১৬ গোল, খুব একটা খারাপ নয়। তার মানে কি অন্দরমহলের কোনো কারণেই বার্সা ছাড়েন ইব্রা? পরে প্রায়ই গার্দিওলাকে সুযোগ পেলেই খোঁচা মেরে ঝাল মিটিয়েছেন। আবারও মেটালেন তা । বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ না জেতা প্রসঙ্গে বললেন, ‘সন্দেহ নেই আমরা ছিলাম বিশ্বের সেরা দল। তবুও জিততে পারলাম না চ্যাম্পিয়নস লিগ। শুধু কোনো একজনের ভুল সিদ্ধান্তের কারণে।’ সেই ‘একজন’টা কে? গার্দিওলা? সেটা অবশ্য খোলাসা করেননি ইব্রা।
তো বর্তমান ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার সুযোগ নেই? এ প্রসঙ্গে ইব্রার জবাব, ‘পিএসজি এখনো শিখছে। চ্যাম্পিয়নস লিগে ক্লাবটি নতুন। আমরা অভিজ্ঞতা অর্জন করছি এবং প্রতিবছরই ভালো করছি। গত দুই বছরে দলটা গড়ে উঠেছে। দুবার আমরা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছি। নিশ্চিত এ বছর আমরা আরও ওপরে যাব। যদি শিরোপা জিততে পারি, সেটা হবে অসাধারণ। আর যদি নাও পারি, তবুও ব্যর্থ হয়েছি, তা বলা যাবে না।’ অবশ্য চোটের কারণে পুরোনো সতীর্থদের বিপক্ষে আজ মাঠে নামতে পারবেন না পিএসজি স্ট্রাইকার। সূত্র: মার্কা ও রয়টার্স।