আবারও এলচেকে নিয়ে খেলল বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্তোর গোলের পর বার্সার উদযাপন। ছবি: এএফপি
রবার্তোর গোলের পর বার্সার উদযাপন। ছবি: এএফপি

কোপা ডেল রের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগেই ঘরের মাঠে এলচেকে গোল বন্যায় ভাসিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগে লুইস এনরিকের দল একেবারই নির্ভার হয়ে নামবে, সেটিই অনুমিত। এদিন দলে ছিলেন না লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজের মতো তারকারা। তবুও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি স্বাগতিক এলচে। ম্যাচে হেরেছে ৪-০ গোলে আর দুই লেগ মিলে ৯-০ ব্যবধানে। 
কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় দর্শকেরা। সেখানে বার্সার জন্য অপেক্ষা করছে রিয়ালকে বিদায় করে দিয়ে আসা অ্যাটলেটিকো।
এনরিকের অধীনে ২৮ ম্যাচ খেলেছে বার্সা। প্রতিটি ম্যাচের জন্য এনরিকের ভিন্ন ভিন্ন লাইন-আপ। এলচের বিপক্ষে দ্বিতীয় লেগেও দলের অনেক তারকাকে বিশ্রামে পাঠিয়ে দিলেন বার্সা কোচ। ২০ মিনিটে ফ্রি-কিকে জেরেমি ম্যাথুর ২৫ গজি শটে দারুণ এক গোলে এগিয়ে যায় বার্সা। ৪০ মিনিটে ২০ গজি শটে স্কোরলাইন ২: ০ করেন সার্জি রবার্তো। বিরতির আগে বক্সে মুনির এল হাদ্দাদিকে ফাউল করায় পেনাল্টি পায় বার্সা। পেনাল্টি থেকে গোল আদায় করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধে অবশ্য বার্সাকে ভালোই আটকে রেখেছিল এলচে। তবে খেলার অন্তিম মুহূর্তে ডগলাসের ক্রসে দুর্দান্ত এক হেডে বার্সার এক হালি পূর্ণ করেন আদ্রিয়ানো।
বার্সা-অ্যাটলেটিকোর কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ২১ জানুয়ারি, দ্বিতীয় লেগ ২৮ জানুয়ারি। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও গোলডটকম।