আবারও খণ্ডকালীন দায়িত্বে ডি ক্রুইফ

বাংলাদেশের ফুটবলে ক্রুইফ-অধ্যায় শেষ হয়েও হচ্ছে না। ঘুরেফিরে তাঁকেই কোচের দায়িত্ব দিচ্ছে বাফুফে। সম্পর্কটা ভেঙে গিয়েছিল নানা তিক্ততায়। মহানাটকীয়তা শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপে ফের আগমন। ওই টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার পর এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেরও লোডভিক ডি ক্রুইফকে দায়িত্ব দেয় বাফুফে। সেটি শেষ করে আবারও খণ্ডকালীন দায়িত্বই পেলেন তিনি। জুনে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচে বাংলাদেশ দলের কোচ থাকছেন এই ডাচই।
জার্মান গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শুয়িশলারের সঙ্গে আজই ঢাকা ছাড়ছেন ডি ক্রুইফ। তবে যাওয়ার আগে কাল বলে গেলেন খণ্ডকালীন চুক্তিতেই তিনি স্বচ্ছন্দ, ‘বাফুফের সঙ্গে চুক্তি নিয়ে অতীতে একটা তিক্ততা হয়েছে আমার। আপাতত আমি তাই দীর্ঘ মেয়াদে কোনো চুক্তিতে যাচ্ছি না। বিশ্বকাপ বাছাইয়ের আগে এসে আবারও দল নিয়ে কাজ শুরু করব। সালাউদ্দিনের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে।’
আগামী মে মাসের শেষ সপ্তাহে প্রিমিয়ার লিগ বন্ধ করে জাতীয় দলের ক্যাম্প ডাকার পরামর্শ দিয়েছেন কোচ। এর সপ্তাহ খানেক আগেই তাঁর ঢাকায় ফেরার কথা। তবে গোলকিপার কোচ ক্রিস্টিয়ান শুয়িশলার আরও আগেই বাংলাদেশে আসবেন। দুজন জুটি বাঁধবেন পরের টুর্নামেন্টেও। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানাচ্ছেন, ‘টুর্নামেন্ট ধরে ধরে ডি ক্রুইফকে কাজ দেওয়া হবে। তেমন সমঝোতাই হয়েছে দুই পক্ষে। আপাতত গোলকিপার কোচও থাকছেন।’
এই ফাঁকে যদি আরও ভালো কোনো প্রস্তাব আসে কোনো দেশ থেকে? ক্রুইফের উত্তর, ‘আমি সবার আগে বাংলাদেশকেই প্রাধান্য দেব।’ বাফুফের সঙ্গে এত কিছু হলো, বেতন ঠিকমতো না পাওয়া নিয়ে এত কথা, অথচ তিনি কিনা বাংলাদেশেই কাজ করতে চান!
বাফুফেরও আগ্রহ আছে। কারণটাও জানা। লম্বা সময়ের চুক্তিতে যাওয়ার ‘হ্যাপা’ অন্তত পোহাতে হচ্ছে না!