আবারও খেপেছেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাটারের দিকে এবার ম্যারাডোনার তির। ফাইল ছবি
ব্ল্যাটারের দিকে এবার ম্যারাডোনার তির। ফাইল ছবি

‘তেল-জলে মিশ খায় না’—ফিফা সভাপতি সেপ ব্লাটার ও ডিয়েগো ম্যারাডোনার ক্ষেত্রে এ কথা যেন শতভাগ সত্য! ব্ল্যাটারের ওপর ম্যারাডোনার ক্ষোভ—এ আর নতুন কী! আর্জেন্টিনা কিংবদন্তি ফিফা সভাপতির ওপর সর্বশেষ তোপটা দাগলেন গতকাল। আগামী বছর অনুষ্ঠেয় ফিফা সভাপতি নির্বাচনে পঞ্চমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন ব্ল্যাটার। ম্যারাডোনার ক্ষোভের কারণ এটিই। তিনি বলেছেন, ব্লাটারের যে বয়স, তাতে তাঁকে এই পদে আবারও নির্বাচন করতে দেখাটা লজ্জার।’
ম্যারাডোনার ক্ষোভ আরও একটা জায়গায়। তাঁর মতে, ফুটবল চালাচ্ছে এমন কিছু মানুষ যারা খেলাটি সম্পর্কে কিছুই জানে না। যারা কোনো দিন লাথি দিয়ে দেখেনি ওই গোলাকার বস্তুটিতে।’
ব্লাটারের সমালোচনার ব্যাপারে আরেক ফুটবল-গ্রেটকে পাশে পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি। উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও সম্প্রতি সেপ ব্লাটারের পুনর্নির্বাচনের বিষয়ে তীব্র সমালোচনার তির ছুঁড়েছেন ফিফা সভাপতির দিকে।
ব্লাটার সম্পর্কে ম্যারাডোনার মূল্যায়নটা হচ্ছে, ‘বিশ্ব ফুটবলে কী ঘটছে, সে বিষয়ে কোনো ধারণাই নেই ব্লাটারের। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষকে বিনোদিত করছে মূলত ফুটবল খেলোয়াড়েরাই। আর সে কী করছে তখন? বন্ধুদের নিয়ে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে পান করতে করতে সভা করছে। এভাবে চলতে পারে না। এটা বন্ধ হওয়া উচিত।’
সেই ১৯৯৮ থেকে ফিফা সভাপতির পদে অধিষ্ঠিত আছেন ব্লাটার। এখন বয়স তাঁর বয়স ৭৮ বছর। এই বয়সেও আরও চালিয়ে যেতে চান এই সুইস-বৃদ্ধ। দীর্ঘ ১৬ বছর ধরে পাওয়া ক্ষমতার স্বাদে ব্লাটার এতটাই মজেছেন যে এর আগেরবার নির্বাচনের আগে বলা ‘এবারই শেষ’—যেন শেষই হচ্ছে না! সূত্র: গালফ নিউজ।