আবারও খেলা হতে দিল না বৃষ্টি
ফরাশগঞ্জ খেলতে রাজি। কিন্তু খেলতে চায় না মুক্তিযোদ্ধা। শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধা-ফরাশগঞ্জ বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি কাল হলোই না। খেলাটা আজ আবার শুরু হবে।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ৪১তম মিনিট থেকে শুরু হবে খেলা। আজ অবশ্য দুই দলের একাদশ ও কার্ড দেখা খেলোয়াড়দের সংখ্যা অপরিবর্তিতই থাকবে। কাল ৪০ মিনিট খেলা হওয়ার পর নামে বৃষ্টি। বৃষ্টি থামলে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করেন প্রধান রেফারি তৈয়ব হাসান। মাঠ খেলার ‘অনুপযোগী’ মনে হওয়ায় ম্যাচ স্থগিত করতে অনুরোধ করেন ম্যাচ কমিশনার এম আর মুকুলকে। এরপরই বাফুফে ম্যাচ স্থগিত করে দেয়। অথচ যে অবস্থায় ম্যাচটি স্থগিত করা হয়েছে, এর চেয়েও খারাপ মাঠে খেলা
হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০১১ সালের জুনে বিশ্বকাপ প্রাক্-বাছাইয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ এর চেয়েও ভারী বৃষ্টির মধ্যে শেষ হয়েছিল। ওই ম্যাচে বল ভাসতে দেখা গেছে পানিতে। ফরাশগঞ্জের গোলরক্ষক সুজন চৌধুরী কাল অনুযোগের সুরে বললেন, ‘বড় ম্যাচের কর্মকর্তাদের চাপেই আসলে ম্যাচটা খেলানো হলো না। আমরা এর চেয়েও খারাপ মাঠে কত খেলেছি!’