আবারও গেরেরো-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যাটট্রিক হয়ে গেল পাওলো গেরেরোর। এক সতীর্থ আনন্দে পেরুর স্ট্রাইকারের কোলেই উঠে বসলেন। কাল পেরু-বলিভিয়া ম্যাচে l এএফপি
হ্যাটট্রিক হয়ে গেল পাওলো গেরেরোর। এক সতীর্থ আনন্দে পেরুর স্ট্রাইকারের কোলেই উঠে বসলেন। কাল পেরু-বলিভিয়া ম্যাচে l এএফপি

বিরক্তিকর ফুটবল, মাঠে খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বিতর্ক—কোপা আমেরিকা যেন একদমই মন ভরাতে পারছে না। এর মধ্যে পাওলো গেরেরোর হ্যাটট্রিকটা তাই একপশলা বৃষ্টির মতোই হয়ে এল। কাল বলিভিয়ার সঙ্গে গেরেরোর হ্যাটট্রিকেই ৩-১ গোলে জিতেছে পেরু, গত টুর্নামেন্টেরও সেমিফাইনালিস্ট দলটি শেষ চারে সামনে পেয়ে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী স্বাগতিক চিলিকে।
কোপা আমেরিকার এই কোয়ার্টার ফাইনাল নিয়েই আগ্রহ ছিল সবচেয়ে কম। পেরু-বলিভিয়া সেই অর্থে এমন কোনো পরাশক্তিও নয়। ২০ মিনিটে হেড করে নিজের প্রথম গোল পেয়েছেন গেরেরো, তিন মিনিট পরই প্রতি-আক্রমণ থেকে করেছেন দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে পূর্ণ করেছেন হ্যাটট্রিক। ৮৪ মিনিটে বলিভিয়া মার্সেলো মরেনোর গোলে ব্যবধানটাই শুধু কমিয়েছে।
৩১ বছর বয়সী গেরেরো কোপায় আলো ছড়িয়েছেন আগেও। গত আসরে ভেনেজুয়েলার সঙ্গে হ্যাটট্রিক করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ৪ গোল নিয়ে এবারও সেই কীর্তি পুনরাবৃত্তির সুযোগ সাবেক বায়ার্ন স্ট্রাইকারের সামনে। তবে চিলির আর্তুরো ভিদাল ও বলিভিয়ার মরেনোও ৪ গোল নিয়ে আছেন লড়াইয়ে।
চিলির সঙ্গে সেমিফাইনালটা অবশ্য রোমাঞ্চকর একটা লড়াইয়েরই আভাস দিচ্ছে। রাজনৈতিক বৈরিতার কারণে প্রতিবেশী দুই দলের লড়াইটা সব সময়ই উত্তাপ ছড়ায়। গেরেরো বলছেন, পেরুর সেরাটা এখনো বাকি, ‘আমরা আরও ভালো করছি। টুর্নামেন্টের আগে খুব বেশি মানুষের আস্থা আমাদের ওপর ছিল না। কিন্তু আমরা দেখিয়েছি আমাদের দলটা যথেষ্টই ভালো।’ এএফপি।