আবারও গ্রেপ্তার ফিফায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরিখের দ্য বাউ ওলাখ হোটেলটিকে এরপর থেকে হয়তো এড়িয়েই চলবেন ফিফার কর্মকর্তারা। গত মে মাসে এই হোটেল থেকে দুর্নীতির অভিযোগে সাত ফিফা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইজারল্যান্ডের পুলিশ। কাল সকালে আবারও জুরিখের হোটেলটি থেকে ফিফার দুই সহসভাপতিকে গ্রেপ্তার করেছে সুইজারল্যান্ডের পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই কর্মকর্তা হলেন হন্ডুরাসের আলফ্রেদো হাউয়িট ও প্যারাগুয়ের হুয়ান অ্যাঙ্গেল নাপুত। হাউয়িট উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল কনফেডারেশন (কনক্যাকাফ) সভাপতি। আর নাপুত হচ্ছেন দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি। ফিফার দুর্নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত তদন্তের অংশ হিসেবে সুইস পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করেছে।
দুই উচ্চপদস্থ কর্মকর্তা গ্রেপ্তার হওয়ার খবরে ফিফা এক বিবৃতিতে লিখেছে, ‘যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আজ (কাল) যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যাপারে ফিফা অবগত আছে। সুইজারল্যান্ডের আইনের মধ্যে থেকে ফিফা এই তদন্তে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহায়তা করবে। সুইস অ্যাটর্নি জেনারেলের অফিস যে তদন্ত পরিচালনা করছে তাতেও সহায়তা দেবে।’ নিউইয়র্ক টাইমস।