আবারও চেলসিকে হতাশ করে আর্সেনালের ট্রফির নাচন

মৌসুমের শেষে কী হবে তা পরে দেখা যাবে। আপাতত ট্রফি দিয়েই মৌসুম শুরু করল আর্সেনাল। ইংলিশ ফুটবলের মৌসুম উদ্বোধক কমিউনিটি শিল্ডের লড়াইয়ে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে চেলসিকে হারিয়েছে আর্সেনাল। এফএ কাপে এই চেলসিকে হারিয়েই গত মৌসুমের শেষ টেনেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের আবারও হতাশা উপহার দিল আর্সেনাল।
গোলশূন্য প্রথমার্ধের পর চেলসিই প্রথমে খুলেছিল গোলের খাতা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যে ভিক্টর মোজেসের গোলে এগিয়ে যায় আন্তোনিও কন্তের দল। ৮২ মিনিটে এই মৌসুমে নাম লেখানো সিড কোলাসিনাচের গোলে সমতা ফেরায় আর্সেনাল। মার্তেসেকার চোট নিয়ে বেরিয়ে যাওয়ার পর মাঠে নেমেছিলেন কোলাসিনাচ। কী দারুণ অভিষেক হলো তাঁর। গোলটা না হলে যে খেলা পেনাল্টি শুটআউটে যেত না।

সেখানে চেলসির তিনজনের দুজনই বল পাঠালেন বাইরে। থিবো করতোয়া আর আলভারো মোরাতা। রিয়াল মাদ্রিদ থেকে এই মৌসুমে চেলসিতে আসা মোরাতার জন্য ম্যাচটি সুখকর হলো না।