আবারও জয়ের ধারায় ফিরল বসুন্ধরা

বিদেশিদের কল্যাণে জয়ের ধারায় ফিরেছে বসুন্ধরা কিংসছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ জুলাই নিজেদের সর্বশেষ প্রিমিয়ার লিগ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে ২-১ গোলে হেরেছিল চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। একই দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে মুক্তিযোদ্ধার চমক জাগানিয়া জয় ৪-২ গোলে। দুই সপ্তাহ পর আজ আবার মাঠে ফিরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বসুন্ধরা ও মুক্তিযোদ্ধা। তবে আজ আর অঘটন ঘটাতে পারেনি মুক্তিযোদ্ধা। বসুন্ধরাও এক ম্যাচ পর ফিরেছে জয়ের রাস্তায়। মুক্তিযোদ্ধার বিপক্ষে তারা জিতেছে ৩-০ গোলে।

বসুন্ধরার এই সহজ জয়ে গোল করেছেন তিন বিদেশি রবসন রবিনিও, রাউল বেসেরা ও জোনাথন ফার্নান্দেজ। মূলত তাঁদের তিনজনের কাছেই হেরছে লালজার্সিধারীরা। বসুন্ধরার এই ত্রয়ী প্রতিপক্ষ বক্সের সামনে প্রচুর পাস খেলেন। ফলে রক্ষণে ফাটল তৈরি হয়, যা কাজে লাগাতে সিদ্ধহস্ত রবসন ও রাউল। এ পর্যন্ত লিগে বসুন্ধরার ৫২ গোলের ৩৪টিই এ দুজনের।

তিনজনের পাসিংয়ের গোলকধাঁধায় পড়ে আজ প্রথম গোলটা খেয়েছে মুক্তিযোদ্ধা। ২০ মিনিটে বক্সের ভেতর ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন বল ঠেলে ঠেলে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল রেসেরাকে। রাউল নিজে শট না দিয়ে নিশ্চিত গোলের আশায় বল একটু পেছনে দেন রবসনকে। ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন। মাপা শটে পরাস্ত করেন মুক্তিযোদ্ধার গোলকিপার মোহাম্মদ রাজীবকে।

এবারের প্রিমিয়ার ফুটবল লিগে রবসনের এটি ১৮তম গোল। সর্বশেষ চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে যাওয়া ম্যাচেও বসুন্ধরার একমাত্র গোলটিও করেছিলেন তিনি। রবসনের এক গোল করেই অবশ্য তৃপ্ত ছিলেন না। চাইছিলেন দ্বিতীয় গোলটিও তুলে নিতে। কিন্তু মুক্তিযোদ্ধার রক্ষণ তাঁকে আর সেই সুযোগ দেয়নি। প্রথমার্ধে একবার তাঁর শট আটকে দেন মুক্তিযোদ্ধার গোলকিপার।

দুর্দান্ত বিদেশিরা আবারও বসুন্ধরার প্রাণভোমরা হলেন।
ছবি: প্রথম আলো

তবে রাউল ও জোনাথকে আটকানো যায়নি। লিগে এ ম্যাচের আগপর্যন্ত ১৫ গোল করা রাউল বেসেরা প্রথমার্ধে চেষ্টা করেও নিশানা খুঁজে পাননি। তবে ৫৫ মিনিটে পেলেন সহজ গোল। জোনাথনের ঠেলে দেওয়া বল বক্সের একটু ভেতরে নিয়ন্ত্রণে নেন বেসেরা। তারপর বাঁ পায়ের কোনাকুনি শট করে দিলেন ২-০।

দ্বিতিয়ার্ধে বদলি ডিফেন্ডার তারিক কাজীর গড়ানো শট আটকান মুক্তিযোদ্ধার গোলকিপার। তবে তৃতীয় গোলটা থেকে বিরতি রাখতে পারেননি বসুন্ধরাকে। ৭৮ মিনিটে বক্সের বাইরে থেকে জোনাথনের দারুণ শটে করে ৩-০। মুক্তিযোদ্ধার আইভরি কোস্টের স্ট্রাইকার ফামুসা দুই-তিনবার গোলের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত পরাস্ত করতে পারেনি বসুন্ধরার গোলকিপার আনিসুর রহমানকে।

আজকের জয়ে ১৯ ম্যাচে বসুন্ধরার পয়েন্ট হলো ৫২। নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামালের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৮। তৃতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৬। মূলত এখন শেখ জামাল ও আবাহনীর মধ্যে লড়াইটা রানার্সআপ হওয়া। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১১তম স্থানে মুক্তিযোদ্ধা।

এএফসি কাপ খেলতে ১২ আগস্ট বসুন্ধরার মালদ্বীপ যাওয়ার কথা। তার আগে লিগে আরও দুটি ম্যাচ খেলতে পারে তারা। লিগ শিরোপা জয় যেহেতু ৯০ ভাগের বেশি নিশ্চিত, তাই মালদ্বীপ যাওয়ার আগের ম্যাচগুলোকে এএফসি কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে অস্কার ব্রুজোনের দল।