
সেই ১৮৯৮ সালে ঢাকারও আগে প্রতিষ্ঠিত ময়মনসিংহ মোহামেডান। পুরোনো এই ক্লাব এখন শহরের সার্কিট হাউসের পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয় লিগে সে রকম দাপট নেই ময়মনসিংহের দলটির। কিন্তু ঢাকা মোহামেডানের জন্য গলা ফাটাতে গ্যালারিতে এসেছিল হাজার খানেক দর্শক। গ্যালারিতে তাঁদের সঙ্গে গলা মিলিয়েছে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের কয়েক হাজার ছাত্রছাত্রী। কিন্তু এত উৎসাহ-উদ্দীপনাও ঢাকা মোহামেডানের কাজে লাগেনি। চট্টগ্রামের পর এবার ময়মনসিংহ থেকেও জয় নিয়ে তারা ফিরতে পারল না। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে কাল ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও বিজেএমসির সঙ্গে ড্র করেছে মোহামেডান।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কোচ জসিম উদ্দিন জোসি তাই স্থানীয় দর্শকের কাছে ক্ষমা চাইলেন, ‘আমরা এখানে জয়ের জন্যই এসেছিলাম। কিন্তু জিততে পারিনি বলে ময়মনসিংহের মোহামেডান সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’ তিন ড্র ও এক হারে সমান ৩ পয়েন্ট দুই দলেরই। তবে গোলগড়ে পয়েন্ট তালিকায় নবম বিজেএমসি, দশম মোহামেডান।
সর্বশেষ ফেডারেশন কাপে বিজেএমসির কাছে ২-১ গোলে হেরেছিল মোহামেডান। লিগে অন্তত সেই হারের বদলা নেওয়ার চেষ্টাটা ছিল সাদা-কালো দলটির। যদিও ম্যাচের ৯ মিনিটে এগিয়ে যেতে পারত বিজেএমসি। মোহামেডানের গোলরক্ষক নেহাল জায়গা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, কিন্তু ফাঁকা পোস্টে স্যামসান ইলিয়াসুর কোনাকুনি শট অল্পের জন্য চলে যায় বাইরে। ২২ মিনিটে সুযোগ নষ্ট করেন মোহামেডানের মাসুক মিয়া জনি। তৌহিদুল আলম সবুজের ক্রসটি বাইরে পাঠান জনি। তবে ৪৫ মিনিটে আর সুযোগ নষ্ট করেননি সবুজ, বক্সের ডান প্রান্ত দিয়ে চমৎকার জোরালো শটে এগিয়ে নেন দলকে (১-০)। সহজেই ২-০ করতে পারত মোহামেডান। কিন্তু ৪৭ মিনিটে মোহামেডানের ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব ফাঁকা পোস্ট পেয়েও বল পাঠিয়ে দেন বাইরে।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া বিজেএমসি ৫৯ মিনিটে বদলি হিসেবে নামায় আবদুল্লাহ পারভেজকে। কোচ মং মারমার এ সিদ্ধান্তটি ‘মাস্টার স্ট্রোক’ হয়ে আসে। বিজেএমসির খেলার গতি যায় বেড়ে। ৭৪ মিনিটে পারভেজেরই নেওয়া কর্নার থেকে উড়ে আসা বল, আর তাতে হেডে গোল করে বিজেএমসিকে সমতায় ফেরান মুকুল। বাকি সময়ে অবশ্য দুই দল একাধিক আক্রমণেও গোলের দেখা আর পায়নি।
মোহামেডানের কোচ জোসি এগিয়ে থেকেও ড্রয়ের জন্য ছেলেদের সেট পিসে দুর্বলতাকেই দায়ী করলেন, ‘এই ম্যাচের আগে কালও সেট পিস নিয়ে কাজ করেছি। কিন্তু গোল হচ্ছে সেই সেট পিসেই। শুধু তা-ই নয়, ম্যাচে ছোট ছোট ভুল করেছে ছেলেরা। দ্বিতীয়ার্ধে সজীবের গোলটা হয়ে গেলে খেলার চিত্রটাই বদলে যেত।’
বিজেএমসির কোচ মং মারমা ১ পয়েন্ট পেয়েই খুশি, ‘মোহামেডানের মতো দলের সঙ্গে ছেলেরা খুব ভালো খেলেছে। ওরা শক্তিতে এগিয়ে। কিন্তু শুরুতে আমরাই ম্যাচের নিয়ন্ত্রণ করেছি। স্যামসান ভালো কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। আসলে এটাই ফুটবল। তবে শেষ পর্যন্ত আমরা গোল পেয়েছি। দুর্ভাগ্য, জিতে মাঠ ছাড়তে পারিনি। তবে ১ পয়েন্ট পেয়েও খুশি আমরা।’
আজকের খেলা
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
ঢাকা আবাহনী-মুক্তিযোদ্ধা
(বিকেল ৪টা, ময়মনসিংহ)