আবারও তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েডসন, ডার্লিংটন
ওয়েডসন, ডার্লিংটন

ওয়েডসন আনসেলমে ও এমেকা ডার্লিংটন। শেখ জামাল ধানমন্ডিকে আবারও জেতালেন দুই বিদেশি। গত বছর হলুদ জার্সি গায়ে তুলেই দুজনের পায়ে নিয়মিত গোল। সেই ধারাবাহিকতা থাকল কালও। বিজেএমসির সঙ্গে পিছিয়ে পড়েও শেখ জামাল কষ্টার্জিত জয় তুলল এ দুজনের গোলেই (২-১)।
জয়টা শেখ জামালের জন্য সৌভাগ্যপ্রসূতই। প্রিমিয়ার লিগে এদিনই সবচেয়ে বিবর্ণ লাগল চ্যাম্পিয়নদের। ১-০ করার পর বিজেএমসি দু-তিনবার ফাঁকা পোস্ট পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। এমনকি ১-১ হওয়ার পরও দু-তিনবার রক্ষা পেয়েছে শেখ জামাল। দলটির আপাতধীরস্থির ও ডাগ-আউটে ‘শান্ত’ কোচ মারুফুল হকও যেন তখন দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তার ওপর গোলরক্ষক হিমেলের নড়বড়ে কিপিংও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। কয়েকবার বল ফসকালেন হিমেল। এত কিছুর পরও শেখ জামালের ৩ পয়েন্ট পাওয়া তো স্রেফ ভাগ্যই!
মারুফুল হকও তা মানলেন, ‘অবশ্যই ভাগ্য সহায়তা করেছে। এটিই এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বাজে ম্যাচ।’ বড় বাজেটের দল গড়েও কেন ঝলক নেই। মারুফের ব্যাখ্যা, ‘আজ ১২ মিনিটে পাঁচটি সহজ সুযোগ (আসলে দুটি) নষ্ট করে ছেলেরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। পরে ম্যাচটা আর ধরতে পারেনি।’
শেখ জামালের রক্ষণে বড় ফাটল বের হচ্ছে অহরহ। গতবার সনি নর্দে থাকায় মাঝমাঠ থেকে খেলাটা যেভাবে তৈরি হতো, এবার সেভাবে হচ্ছে না। মাঝমাঠের বড় সেনানী মামুনুল নিজেকে চেনান মাঝেমধ্যে, নিয়মিত নয়।
তার পরও দলটি টানা পাঁচ ম্যাচেই জিতল আসলে ল্যান্ডিং, ওয়েডসন ও ডার্লিংটনের কাঁধে চড়ে। এই ত্রিফলা বেশ কার্যকর মাঠে। তাঁদের গতি, শারীরিক শক্তি, প্রতিপক্ষকে ধাঁধায় ফেলতে জায়গা বদল এবং ব্যক্তিগত দক্ষতার কাছেই হারছে প্রতিপক্ষ।
তবে কাল চোখ কাড়লেন বিজেএমসির অধিনায়ক স্যামসন ইলিয়াসুও। নাইজেরিয়ান স্ট্রাইকার ২৩ মিনিটে বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ে দুরন্ত শটে করলেন ১-০। গতবার বিজেএমসিতে আক্রমণে তাঁর সতীর্থ ইসমাইল বাঙ্গুরা এবার মোহামেডানে। দুজনের বেশ কিছু গোল এনে দিয়েছিলেন বিজেএমসিকে। এ মৌসুমে স্যামসন পড়ে গেছেন একা। মাঠে কিছু করার চেষ্টা তাঁর আছে। তবে যোগ্য সঙ্গীর অভাবে ধুঁকছেন বেশির ভাগ সময়ই।
ওদিকে ১-১ করার চেষ্টায় দ্রুতই সফল শেখ জামাল। ৩৩ মিনিটে ওয়েডসনের কোনাকুনি শটে লক্ষ্যভেদ। ৭৩ মিনিটে মামুনুলের ফ্রি-কিকে ডার্লিংটনের হেডে ২-১। প্রথম ম্যাচে ড্র করা বিজেএমসির টানা চার হার। এদিন অন্তত ড্র তাদের প্রাপ্যই ছিল। সেটি পেলে লাভ হতো মুক্তিযোদ্ধা (৪ ম্যাচে ১২ পয়েন্ট) ও আবাহনীরও (৪ ম্যাচে ১০)।
হাইতিয়ান ওয়েডসন ও নাইজেরিয়ান ডার্লিংটন, দুজনেরই পাঁচ ম্যাচে পাঁচটি করে গোল হলো। গত মৌসুমে সর্বোচ্চ ২৬ গোল ছিল ওয়েডসনের, ২৪ গোল করেছিলেন ডার্লিংটন। সর্বোচ্চ গোলদাতা হওয়ার সেই লড়াইটা বুঝি এবারও চলছে। আর শেখ জামালের মাঠের পারফরম্যান্স যেমনই হোক, ওয়েডসন-ডার্লিংটনে জয়ও তো আসছে!
আজকের খেলা: ব্রাদার্স-মুক্তিযোদ্ধা, আবাহনী-শেখ রাসেল (বিকেল ৪-১৫ মি. ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।