
ঢাকার গরম বেশ বিপাকেই ফেলেছে সাবোলাস চরবাকে। নিজেই বলেন, ‘এখানে সবই ঠিক আছে। তবে গরমটা একটু বেশি।’
মাঠে অবশ্য গরমের প্রভাব পড়তে দিচ্ছেন না এই হাঙ্গেরিয়ান। তিন ম্যাচে ৪ গোল—এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা তিনিই। আবাহনীর স্বপ্ন যেন এবার ভিনদেশি চরবার পিঠে সওয়ার।
তাঁর স্বদেশি দেমিয়েন গাবরও কম নন। গত ম্যাচের মতো কালও তাঁর পায়ে গোল। চরবার সৌজন্যে পাওয়া তাঁর পেনাল্টি গোলটি ৭৯ মিনিটে। এর ছয় মিনিট আগেই কোটানের কপালে চিন্তার ভাঁজ দূর করেছেন চরবা, শাকিলের বাড়ানো বল গড়ানো শটে জালে পাঠিয়ে।
তিন ম্যাচে ৭ পয়েন্ট। তবে ফেনী সকারের বিপক্ষে (৪-০) গত ম্যাচের দ্বিতীয়ার্ধে দেখা দেওয়া সেই ধারালো আবাহনী এদিন অদৃশ্য। গতিহীনতা পেয়ে বসল খেলোয়াড়দের। এদিন তাঁরা আক্রমণ গড়তে এত দেরি করলেন যে, চট্টগ্রাম আবাহনীর ১০ জন খেলোয়াড়ই রক্ষণে দাঁড়িয়ে পড়ার সুযোগ পেয়েছেন। গোলের রাস্তা তাই বের হচ্ছিল না সহজে।
একটু বদলে যাওয়ার আভাস দিয়েই আবার পুরোনো আবাহনী। এতেই ক্ষুব্ধ কোটান, ‘এই খেলোয়াড়দের মেধা আছে। তবে ফাইটিং স্পিরিট নেই, বল দখলে লড়াইয়ে যায় না। আমি তো বলব এটা পুরুষের ফুটবল নয়। মেয়েদের ফুটবল!’
কোটান হয়তো একটু রূঢ়ই হয়েছেন নিজের খেলোয়াড়দের ওপর। তবে এটা ঘটনা, আবাহনীর খেলোয়াড়েরা বল ছেড়ে আর বলের পেছনে থাকেন না। একটা পাস দিয়েই অনেকটা দায় সারেন। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেষ দিকে দেখা গেল, প্রায় মাঝমাঠ থেকে লম্বা শট নিয়ে দাঁড়িয়ে আছেন আবাহনীর মিডফিল্ডার শাহেদ। আক্রমণে যোগ দেওয়ার তাড়া নেই। যেন শেষ বাঁশি শোনার অপেক্ষায়। এটা আসলে গোটা দলেরই প্রতীকী ছবি। সমস্যাটা আবাহনীর একার নয়, সব দলই কমবেশি খেলোয়াড়দের দায়বদ্ধতার অভাবে ভুগছে।
আবাহনীর মতো দল এদিন প্রথমার্ধে পোস্টে শট নিয়েছে মাত্র দুটি! মাঝারি পাল্লার শট নেইই। একটা বড় দলের খেলায় অমন শট খুঁজবেন যেকোনো দর্শক। কোটানও তা না দেখে ভীষণ অখুশি, ‘অনেক শ্যুটিং অনুশীলন করাচ্ছি। তার পরও ম্যাচে খেলোয়াড়দের পায়ে শট নেই। এটা খুবই চিন্তার বিষয়।’
প্রশংসা পাবে আগের দুই ম্যাচেই পয়েন্টশূন্য চট্টগ্রাম আবাহনী। বড় আবাহনীর দুই উইংব্যাককে তারা পরিকল্পিতভাবে অকার্যকরই রেখেছে। তবু হারতে হলো আসলে দুই হাঙ্গেরিয়ানের কাছেই।