আবারও নায়ক রাব্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শেষ বাঁশি বাজার অপেক্ষা। ১-০ গোলে পিছিয়ে রহমতগঞ্জ। হঠাৎ করেই রহমতগঞ্জের ডিফেন্ডার সুমনের ক্রস থেকে আসা বল মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর ধরার চেষ্টা করলেন। কিন্তু বল হাত ফসকে পড়ে গেল মাটিতে। সুযোগসন্ধানী ফরোয়ার্ড মানাফ রাব্বির আলতো টোকায় বল জালে। শেষ মুহূর্তের গোলে এভাবেই মুক্তিযোদ্ধার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিল রহমতগঞ্জ।
আবাহনীর সঙ্গে ম্যাচটা রাব্বির গোলেই ড্র করেছিল রহমতগঞ্জ। ওই ম্যাচে আলাদা করে আলো কেড়েছিলেন যশোরের তরুণ। শেখ জামালের সঙ্গেও পরে গোল করেছেন। লিগে এ পর্যন্ত তাঁর ৩ গোল। কাল গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দেওয়ার পর সতীর্থ খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তারা এসে অভিনন্দন জানালেন রাব্বিকে। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখানো মুক্তিযোদ্ধাকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৯ মিনিট পর্যন্ত। হেডে গোল করে দলকে এগিয়ে নেন এনামুল। কিন্তু শেষ পর্যন্ত এনামুলের হাসিটা মুছে গেছে। মুক্তিযোদ্ধা কোচ আবু ইউসুফের দাবি গোলটি ছিল বিতর্কিত, ‘ওটা কোনোভাবেই গোল হয় না। ওদের খেলোয়াড় ইচ্ছে করে ধাক্কা মেরে আমাদের গোলরক্ষকের হাত থেকে বল ফেলে দেয়। রেফারি তা এড়িয়ে গেছেন। কয়েক ম্যাচ ধরেই আমাদের সঙ্গে এমন করা হচ্ছে।’ এই ড্রয়ে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে মুক্তিযোদ্ধা। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ রইল সাতেই।