আবারও নিষিদ্ধ কোচ মারুফুল

তিন বছর আগে মুক্তিযোদ্ধার কোচ থাকা অবস্থায় একবার শাস্তির খড়্গ নেমে এসেছিল মারুফুল হকের ওপর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেবার দুই মাসের জন্য ফুটবলের সব রকম কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছিল তাঁকে। এবার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আরও বড় শাস্তি দিয়েছে শেখ জামালের দায়িত্বে থাকা কোচকে। বাফুফে আগামী এক বছরের জন্য ফুটবলের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ মারুফুল! পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে তাঁকে আরও এক মাস নিষিদ্ধ হতে হবে।
মারুফুলের বিরুদ্ধে অভিযোগ, এই মৌসুমে শেখ রাসেলের কোচ থাকা অবস্থায় বিভিন্ন সময় পেশাদার লিগ কমিটির কর্মকর্তাদের পদত্যাগ চেয়েছিলেন। এ ছাড়া বিশ্বকাপের সময় বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তাঁর বক্তব্যে নাখোশ ছিলেন বাফুফের কর্মকর্তারা। তাঁদের ভাষায়, ‘কোড অব কন্ডাক্ট’ ভেঙেছেন মারুফুল। কিন্তু আচরণবিধির কোন ধারায়, কীভাবে তাঁকে শাস্তি দেওয়া হলো এসব বিষয়ে জানতে চাইলে স্পষ্ট ব্যাখ্যা না দিয়েই গণমাধ্যমকে এড়িয়ে যেন পালিয়ে বাঁচলেন পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। শুধু এটুকুই বললেন, ‘বিশ্বকাপের সময় তিনি টেলিভিশনে বাফুফের অনেকের সমালোচনা করেছেন। এটা আসলে কোড অব কন্ডাক্ট-বহির্ভূত।’ এ মুহূর্তে উয়েফা প্রো-লাইসেন্সের জন্য ইংল্যান্ডে থাকায় মারুফুল হকের কোনো প্রতিক্রিয়া জানা সম্ভব হয়নি।
কাল পেশাদার লিগ কমিটির সভার প্রধান আলোচ্য ছিল চ্যাম্পিয়নশিপ লিগের পাতানো ম্যাচ। কিন্তু লিগ কমিটির একেবারে শেষভাগে বিস্ময় হয়ে আসে মারুফুলের এই শাস্তির সিদ্ধান্ত। চ্যাম্পিয়নশিপ লিগের অগ্রণী ব্যাংক-বাড্ডা এবং ওয়ারী-ফরাশগঞ্জ ম্যাচ দুটি ছিল পাতানো ম্যাচের সন্দেহের তালিকায়। কিন্তু ম্যাচ পাতানো প্রতিরোধ কমিটি দায়মুক্তি দিয়েছে অগ্রণী-বাড্ডা ম্যাচটিকে। আর ওয়ারী-ফরাশগঞ্জ ম্যাচটি পাতানো দেখিয়ে দুই ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও খেলোয়াড়দের শাস্তি দিয়েছে। ফরাশগঞ্জ ম্যাচটি জিতলেও তাদের অর্জিত ৩ পয়েন্ট তো কাটা হয়েছেই, সঙ্গে জরিমানা হিসেবে আরও ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে ওয়ারীরও ৬ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। বর্তমানে ফরাশগঞ্জের ৩৫ পয়েন্ট। তবে ৯ পয়েন্ট কেটে নিলে তাদের হবে ২৬। অগ্রণী ব্যাংকেরও সমান ২৬ পয়েন্ট। কিন্তু গোলগড়ে এগিয়ে থাকায় চ্যাম্পিয়নশিপের রানার্সআপ হিসেবেই আগামী মৌসুমে প্রিমিয়ারে খেলবে ফরাশগঞ্জ।
ওয়ারীর কর্মকর্তা মহিদুর রহমান মিরাজকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন অপর দুই কর্মকর্তা ফরিদ হোসেন ও আবদুর রাজ্জাক। ওয়ারীর গোলরক্ষক উথিং চিং মারমা আগামী মৌসুমের প্রথম তিন ম্যাচে নিষিদ্ধ, দুই ম্যাচ করে নিষিদ্ধ হয়েছেন ডিফেন্ডার আবুল হাসান, সাইফুল ইসলাম ও রোমান মোহাম্মদ।