আবারও পিরলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পঁয়ত্রিশ। ফুটবল মাঠে এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন আন্দ্রেয়া পিরলো। আগের দুবার সিরি ‘আ’র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন। অ্যাসোসিয়েশন অব ইতালিয়ান ফুটবলার্সের স্বীকৃতিটা আবারও জিতে হ্যাটট্রিকই করে ফেললেন জুভেন্টাসের এই মিডফিল্ডার।
রেকর্ড ১০২ পয়েন্ট নিয়ে টানা তৃতীয়বারের মতো গতবার লিগ জিতেছে পিরলোর জুভেন্টাস। খেলেছে ইউরোপা লিগের সেমিফাইনাল। চোটের কারণে অবশ্য এই মৌসুমের শুরুর দিকে সপ্তাহ ছয়েক মাঠের বাইরে ছিলেন। সাত ম্যাচ খেলে গোল করেছেন মাত্র দুটি। তবে সেটি টানা তিনবারের মতো সিরি ‘আ’র বর্ষসেরা হওয়ার পথে বাধা হতে পারেনি। ‘এই পুরস্কার জিততে পারাটা সব সময়ই আনন্দের’—প্রতিক্রিয়ায় বলেছেন পিরলো। জুভেন্টাস থেকে ইতালির কোচের দায়িত্ব নেওয়া আন্তনিও কন্তে হয়েছেন সিরি ‘আ’র বর্ষসেরা কোচ। এএফপি।