আবারও পেছাল ঘরোয়া ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই নানা কারণে এবারের ঘরোয়া ফুটবল এখনো মাঠে গড়ায়নি। কথা ছিল এ মাসের শেষ দিকে স্বাধীনতা কাপ দিয়ে পর্দা উঠবে নতুন মৌসুমের। কিন্তু কাল সভায় বসে লিগ কমিটি আবারও খেলা পিছিয়ে দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দলবদলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ২০ মার্চ পর্যন্ত করা হয়েছে। স্বাধীনতা কাপ দিয়ে খেলা শুরু ৩০ মার্চ। সময় বাড়ানোর কারণ অনেক। শেখ জামাল ধানমন্ডি এএফসি কাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে। ৮ ও ১৫ মার্চ দলটির দুটি হোম ম্যাচ ঢাকায়। আন্তর্জাতিক ম্যাচ মানেই ঘরোয়া খেলা বন্ধ। সেটা জাতীয় দলেরই হোক আর ক্লাবের। উপরন্তু স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু স্টেডিয়াম নেবে ঢাকা জেলা প্রশাসন। এই ফাঁকে জাতীয় দল খেলতে যাবে জর্ডান। সব মিলিয়েই খেলা পেছানোর সিদ্ধান্ত।
তবে এসবের চেয়েও বড় কারণ বলা হচ্ছে, আরামবাগ ও উত্তর বারিধারা প্রিমিয়ারে ফিরে এসে দল গঠনের সময় পায়নি। দল দুটি সময় চাওয়ার পরিপ্রেক্ষিতেই খেলা পেছানো হয়েছে, বললেন লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী, ‘দুটি ক্লাব সময় চেয়েছে। তাতে সাড়া দিয়েই খেলাটা পেছাতে বাধ্যই হলাম আমরা। যদিও শেখ জামাল ও জাতীয় দলের ম্যাচের কারণে এমনিতেই খেলা বন্ধ রাখতে হতো। তবে যতটা সম্ভব খেলাটা মাঠে রাখার পক্ষেই ছিলাম আমরা। কিন্তু সিস্টেম না বদলালে কিছু করার নেই।’
‘সিস্টেম’ বলতে ক্লাব যা চায়, সেটিই হয়ে আসছে। খেলা পেছানোর জন্য তারা নানা বায়না ধরে। যে কারণে বাফুফের কোনো সূচিই ঠিকমতো বাস্তবায়ন হয় না। এবার যেমন ফেব্রুয়ারির মধ্যে কিছু ম্যাচ শেষ করে ফেলার চিন্তা ছিল। সেটিও শেষ পর্যন্ত হলো না।