আবারও পয়েন্ট খোয়াল রিয়াল
ক্রিস্টিয়ানো রোনালদোর নিষেধাজ্ঞা এখনো শেষ হয়নি। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ বলে লুকা মডরিচকেও বিশ্রামে রেখেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। কিন্তু সেটির মূল্যও গুনতে হলো ফ্রেঞ্চ কোচকে! রোনালদো-মডরিচবিহীন রিয়ালকে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়েছে এই মৌসুমেই স্প্যানিশ প্রথম বিভাগে ফিরে আসা লেভান্তে! মৌসুমের প্রথম ৩ ম্যাচেই ৪ পয়েন্ট খোয়াল গত মৌসুমের চ্যাম্পিয়নরা।
আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার পর কাল লেভান্তের সঙ্গেও ড্র—লিগে ঘরের মাঠের প্রথম দুই ম্যাচে একটিও জয় নেই জিদানের দলের। শেষ এমন হোঁচট রিয়াল খেয়েছিল ১৯৯৫-৯৬ মৌসুমে। রিয়ালের ডাগআউটে তখন আর্জেন্টাইন কোচ হোর্হে ভালদানো। আগের মৌসুমেই (১৯৯৪–৯৫) যিনি রিয়ালের চার মৌসুমের অপেক্ষা ঘুচিয়ে লিগ জিতিয়েছিলেন।
কী কাকতাল! জিদানও চার মৌসুমের অপেক্ষা ঘুচিয়েই রিয়ালকে লিগ শিরোপা জিতিয়েছেন গত মৌসুমে! ২২ বছর আগের সঙ্গে মিলের এখানেই শেষ চাইবেন জিদান। ১৯৯৫-৯৬-এর সেই মৌসুমে যে লিগে ষষ্ঠ হয়েছিল রিয়াল।
তবে মৌসুমের মাত্রই শুরু, এখনই অত ভাবার কী আছে! জিদানের দুশ্চিন্তা বরং অন্য। রোনালদোকে লিগে আরও এক ম্যাচে পাচ্ছেন না, কাল ম্যাচের ২৭ মিনিটেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন স্ট্রাইকার করিম বেনজেমাও। তাঁর বদলি হিসেবে নামা গ্যারেথ বেল কয়েকটি সুযোগ নষ্ট করেছেন।
ম্যাচের ১২ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। নিজেদের বক্সে ভেসে আসা লম্বা থ্রোতে রামোস-কারভাহালদের ‘রোদ পোহানোর’ সুযোগ নেন লেভান্তে স্ট্রাইকার ইভি লোপেজ। ২৪ মিনিট পরই সমতায় ফেরে রিয়াল। কর্নার থেকে সার্জিও রামোসের হেড ঠেকিয়ে দিয়েছিলেন লেভান্তে গোলকিপার, তবে ফিরতি বল জালে জড়িয়ে দেন লুকাস ভাসকেজ।
দ্বিতীয়ার্ধেও লেভান্তেকে বেশ চাপে রেখেছিল রিয়াল। কিন্তু ৮৮ মিনিটে লেফটব্যাক মার্সেলো লাল কার্ড দেখায় ম্যাচ জয়ের আশাটা বড় ধাক্কা খায়। তার ওপর যোগ করা সময়ে টনি ক্রুসের শটও ফেরে পোস্টে লেগে! দুর্ভাগ্য কাকে বলে! সনি টেন।