আবারও ‘ফ্রি’–তে নজর বার্সার

দুজনই চুক্তি বাড়াচ্ছেন না চেলসির সঙ্গেছবি : টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকাপয়সার টানাটানির কারণে গতবার একগাদা ফ্রি খেলোয়াড়কে দলে আনার পরিকল্পনা নিয়েছিল বার্সেলোনা। সে পরিকল্পনায় বেশ ভালোই সফল হয় ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি-তে সের্হিও আগুয়েরো আর এরিক গার্সিয়া, লিওঁ থেকে ফ্রি-তে এসেছিলেন ডাচ্‌ স্ট্রাইকার মেম্ফিস ডিপাই। সাও পাওলো থেকে ফ্রি-তে এসেছেন দলটার সাবেক তারকা দানি আলভেজও। শুধু লিভারপুল থেকে ডাচ্‌ মিডফিল্ডার জর্জিনিও ভাইনালডমকেই ফ্রি-তে আনতে পারেনি বার্সা।


এবারও একই পরিকল্পনা নিয়েছে কাতালান ক্লাবটি। ফ্রি-তে পাওয়া যেতে পারে—এমন একাধিক খেলোয়াড়ের দিকে নজর তাঁদের। তালিকায় আয়াক্সের মরোক্কান নুসাইর মাজরাউই থেকে শুরু করে এসি মিলানের আইভরিয়ান মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি, চেলসির ডিফেন্ডার সেজার আজপিলিকেতা ও আন্দ্রেয়া ক্রিস্টেনসেন, সবাই আছেন। বিইন স্পোর্তের সাংবাদিক রজার তোরেল্লো জানিয়েছেন, আগামী গ্রীষ্মে বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে রাজি হয়ে গিয়েছেন আজপিলিকেতা। কিন্তু দ্য অ্যাথলেটিকের চেলসিবিষয়ক সাংবাদিক লিয়াম টুয়োমি আবার সে দাবি প্রত্যাখ্যান করেছেন।

ফ্র্যাঙ্ক কেসি
ছবি : টুইটার

ওদিকে ইতালির দলবদলবিষয়ক সাংবাদিক নিকোলো শিরা জানিয়েছেন, ফ্র্যাঙ্ক কেসিকে ফ্রি-তে দলে নেওয়ার ব্যাপারে বেশ এগিয়ে গিয়েছে বার্সেলোনা। ২০২৭ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেওয়ার পাশাপাশি কেসিকে প্রতি মৌসুমে ৮০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটা। স্পোর্ত ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা লঙ্গারিও একই কথা বলেছেন। মুন্দো দেপোর্তিভোর দুই সাংবাদিক ফের্নান্দো পোলো আর সের্হি সোলে দুজনই জানিয়েছেন, আয়াক্স থেকে আগামী গ্রীষ্মে ফ্রি-তে বার্সেলোনায় যোগ দিচ্ছেন মরোক্কান রাইটব্যাক নুসাইর মাজরাউই।


এমনই হাজারো দলবদলের গুঞ্জনে মুখরিত ইউরোপের ফুটবলপাড়া। কিলিয়ান এমবাপ্পে কি পিএসজিতে থাকবেন? না রিয়ালে যাবেন? আর্লিং হরলান্ড কি ডর্টমুন্ড ছাড়বেন? স্কাই ইতালিয়াকে বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার পর লুকাকুকে কি চেলসি দলে রাখবে? হ্যারি কেইন কি অবশেষে টটেনহাম ছাড়তে পারবেন? লিভারপুল-ম্যানচেস্টার সিটি কাকে কিনছে এবার? অন্যান্য লিগেরই-বা অবস্থা কেমন?

দুসান ভ্লাহোভিচ
ছবি : টুইটার

এ রকম অনেক প্রশ্নের উত্তর নিশ্চিত হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। আবার কিছু কিছু প্রশ্নের উত্তর, কিছু দলবদল-ধাঁধা থেকে যাবে অমীমাংসিত। ইউরোপীয় ফুটবলে শীতকালীন দলবদল শুরু হয়েছে এর মধ্যেই। ইউরোপের প্রধান লিগগুলোর দলবদল চলবে জানুয়ারি মাসজুড়ে। এ পর্যন্ত কোন কোন খেলোয়াড় দল পরিবর্তন করলেন? কে কে এখনো করেননি কিন্তু করতে পারেন? লম্বা তালিকাটা এক নজরে দেখে নেওয়া যাক—


আতলেতিকো মাদ্রিদ
এলচের আর্জেন্টাইন স্ট্রাইকার লুকাস বোয়েকে দলে আনতে পারে আতলেতিকো। শুধু আতলেতিকোই নয়, বার্সেলোনাও আগ্রহী এই স্ট্রাইকারের প্রতি। আড়াই কোটি ইউরোর বিনিময়ে এই খেলোয়াড় এলচে ছাড়তে পারবেন, এমন শর্তই আছে তাঁর চুক্তিতে


ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ্‌ মিডফিল্ডার ডনি ফন ডে বিককে ধারে দলে আনতে পারে ক্রিস্টাল প্যালেস, জানিয়েছে ইভনিং স্ট্যান্ডার্ড। শুধু প্যালেসই নয়, ডে বিকের প্রতি আগ্রহ দেখিয়েছে ভ্যালেন্সিয়াও


টটেনহাম হটস্পার
ইংলিশ মিডফিল্ডার দেলে আলিকে ক্লাব থেকে বিদায় করতে চায় টটেনহাম, এ আগের খবর। ইংলিশ এই মিডফিল্ডারকে পাওয়ার জন্য অন্তত পাঁচটা ক্লাব চেষ্টা করে যাচ্ছে। তালিকায় আছে নিউক্যাসল ইউনাইটেড, বার্নলি, ব্রাইটন, বরুসিয়া ডর্টমুন্ড ও এভারটনের মতো ক্লাবগুলো। পর্তুগালের সাংবাদিক পেদ্রো সেপুলদেভা জানিয়েছেন, পোর্তোর কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের জন্য প্রায় ৪ কোটি ইউরোর প্রস্তাব পাঠিয়েছে টটেনহাম। প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য পোর্তোকে ৪৮ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছে তারা। ফিওরেন্তিনার মরোক্কান মিডফিল্ডার সোফিয়ান আমরাবাতকেও দলে চাইছে টটেনহাম

নিউক্যাসল ইউনাইটেড
দেলে আলি ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মিডফিল্ডার জেসি লিনগার্ডকে চেয়েছিল নিউক্যাসল, কিন্তু সে দলবদল আলোর মুখ দেখছে না। লিওঁর ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসের জন্য ৪ কোটি ইউরোর একটা প্রস্তাব পাঠিয়েছে নিউক্যাসল। লিলের ডাচ্‌ সেন্টারব্যাক সভেন বটম্যানের পর সেভিয়ার ব্রাজিলিয়ান সেন্টারব্যাক দিয়েগো কার্লোসকেও পাওয়া হলো না নিউক্যাসলের। সেভিয়া সাফ জানিয়ে দিয়েছে, কার্লোসকে বিক্রি করার ইচ্ছে নেই তাঁদের


এসি মিলান
তরুণ খেলোয়াড়দের দিকে ঝুঁকেছে এসি মিলান। শালকের জার্মান সেন্টারব্যাক মালিক থিয়াউ ও রেড স্টার বেলগ্রেডের সার্বিয়ান স্ট্রাইকার মার্ক লাজেতিচকে দলে আনছে তারা


জুভেন্টাস
ফিওরেন্তিনা থেকে সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচকে ৭ কোটি ৫০ লাখ ইউরোর বিনিময়ে দলে আনছে জুভেন্টাস। প্রতি মৌসুমে ভ্লাহোভিচকে ৭০ লাখ ইউরো বেতন দিতেও রাজি হয়েছে জুভেন্টাস। বিকল্প হিসেবে এফসি বাসেলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আর্থুর কাবরালকে ১ কোটি ৬০ লাখ ইউরোর বিনিময়ে দলে আনছে ফিওরেন্তিনা


ইন্টার মিলান
নতুন লেফট উইংব্যাক আনতে চায় ইন্টার মিলান। সে লক্ষ্যে আতালান্তার রবিন গোসেনস ও আর বি লাইপজিগের আনহেলিনোকে মনে ধরেছে তাঁদের। গোসেনসকে আনতে ২ কোটি ২০ লাখ ইউরো খরচ হচ্ছে তাদের। শুধু তাই নয়, বিকল্প স্ট্রাইকার হিসেবে লাৎসিও থেকে ফেলিপে কায়সেদোকেও দলে আনছে তারা


বায়ার্ন মিউনিখ
বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করতে আগ্রহী নন জার্মান সেন্টারব্যাক নিকলাস সুলা। আগামী গ্রীষ্মে সুলা কে ফ্রি তে দলে ভেড়াতে পারে চেলসি। সুলা চলে গেলে বরুসিয়া মনশেনগ্লাডবাখের জার্মান ডিফেন্ডার ম্যাথিয়াস জিন্টারকে ফ্রি-তে দলে আনতে পারে বায়ার্ন।

সর্বশেষ সম্পাদিত দলবদল

উল্লেখযোগ্য সম্পাদিত দলবদল