আবারও ফ্র্যাঞ্চাইজি ফুটবলের প্রস্তাব
ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগের প্রস্তাব নিয়ে গত ডিসেম্বরে এসেছিল ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি)। কিন্তু প্রতিষ্ঠানটির অনাগ্রহে বিষয়টি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে এবার এমন প্রস্তাব নিয়ে গতকাল ঢাকায় এসেছে যুক্তরাজ্যভিত্তিক ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সকার লিগ ইউকের প্রতিনিধি।
প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা মোহাম্মদ কবির ও জোনাথন জেমস ফ্র্যাঞ্চাইজি লিগের পরিকল্পনার খসড়া নিয়ে আগামীকাল বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সভা করবেন। গত মে মাসে ফিফা কংগ্রেসে যাওয়া কাজী সালাউদ্দিনের কাছে জুরিখেই প্রস্তাবটি দিয়েছিল এই ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। তাদের প্রাথমিক প্রস্তাব, ইন্ডিয়ান সুপার লিগের আদলে এই লিগের নামকরণ হবে বাংলাদেশ সুপার সকার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের সবকিছু ঢেলে সাজানোর পরিকল্পনা আছে তাদের। ক্লাবগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ভেন্যু সংস্কার, ঢাকার বাইরে ভেন্যুতে খেলা চালানোসহ মাঠে কীভাবে দর্শক আনা যায় সেসবও তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ।
লিগের জন্য বিদেশি পৃষ্ঠপোষক আনবে এই গ্রুপ। তবে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়প্রতিষ্ঠানকেও তারা লিগের পৃষ্ঠপোষকতার সুযোগ দিতে চায়। আগামীকালের সভায় সবকিছু চূড়ান্ত হলে বাফুফের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে আগ্রহী প্রতিষ্ঠানটি। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানালেন, ‘ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, বাংলাদেশে লিগ আয়োজন করতে তাদের স্পনসর প্রস্তুত। প্রথম বছর লিগটা সফল হলে অন্তত ৬-৮ বছরের চুক্তি হতে পারে।’
তবে এমন লিগ আয়োজনের পূর্ব অভিজ্ঞতা নেই এই প্রতিষ্ঠানের। এর আগে নাকি তারা যুক্তরাজ্যে বিভিন্ন সিক্স-এ সাইড, সেভেন-এ সাইড ফুটবল ও ফুটসাল টুর্নামেন্ট আয়োজন করেছে!