আবারও বার্সার জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা দেল রে ফাইনালের পর থেকেই চলছিল সমালোচনা। গুঞ্জন ছিল, জরিমানা করা হবে বার্সেলোনা ও অ্যাথলেটিক বিলবাওকে। গত মৌসুমে স্প্যানিশ কাপের ফাইনালে জাতীয় সংগীত ও স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের উদ্দেশে সমর্থকদের দুয়োধ্বনির কারণে ঠিকই জরিমানা করা হয়েছে ফাইনালের দুই ক্লাবকে।
সোমবার স্পেনের উচ্চ ক্রীড়া কাউন্সিল ‘অসহনশীল আচরণের মাধ্যমে খেলার মাঠকে রাজনৈতিক দাবি আদায়ের মঞ্চ হিসেবে ব্যবহার করার’ দায়ে কাতালান ও বাস্ক ক্লাব দুটিকে জরিমানার সুপারিশ করে। বার্সেলোনাকে জরিমানা গুনতে হচ্ছে ৬৬ হাজার ইউরো। বিলবাওয়ের জরিমানা ১৮ হাজার ইউরো। কাপের আয়োজক রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও জরিমানা করা হচ্ছে ১ লাখ ২৩ হাজার ইউরো। অভিযুক্ত তিন পক্ষেরই জরিমানার বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। বার্সেলোনা এরই মধ্যে এই শাস্তিকে ‘অন্যায্য ও অগ্রহণযোগ্য’ দাবি করে আপিল করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।
কাতালান ও বাস্ক প্রদেশগুলোর স্বাধীনতাকে ঘিরে চাপা উত্তেজনা চলছে স্পেনে। আগামী সেপ্টেম্বরে আঞ্চলিক নির্বাচনে স্বাধীনতা আদায়ের দাবিকে জোরালো করতে প্রচারাভিযান করছেন কাতালান নেতারা। এই সময়ে ফুটবল মাঠে সমর্থকদের আচরণের সঙ্গে সহজেই এর যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সমর্থকেরা স্বাধীন কাতালান পতাকা ‘এস্তেলেদাস’ নিয়ে গ্যালারিতে আসায় বার্সেলোনাকে জরিমানা করেছে উয়েফা। রয়টার্স, মার্কা।