আবারও বার্সার ড্র
বহু দিন পর মেসির পা থেকে বেরোল জাদুকরি এক ফ্রি-কিক। ৩৯ মিনিটের সেই ফ্রি-কিক থেকেই বার্সেলোনা এগিয়ে গেল প্রথম। বার্সেলোনাকে ৩৯ মিনিট পর্যন্ত গোলবঞ্চিত করে রাখা তো সহজ নয়। সেই কাজটা করার পর দ্বিতীয়ার্ধে প্রবল প্রতাপান্বিত বার্সার সামনে তো ঝুর ঝুর করে ভেঙে পড়ারই কথা দেপোর্তিভোর!
কিন্তু পয়েন্ট তালিকার ছয়ে থাকা এই দেপোর্তিভো যে অন্যরকম। তারা সারা মাঠ ছড়িয়ে খেলল, সুয়ারেজ-রাকিতিচ-ইনিয়েস্তার পা থেকে বল কেড়ে নিয়ে সমানে টক্কর দিতে লাগল। তাতে কী আর হলো, উল্টো গোল খেল ৬২ মিনিটে। মেসির পাস থেকে রাকিতিচ ২-০ করে ফেললেন দূরপাল্লার শটে!
তবে এটি যেমন বার্সাসুলভ গোল নয়, তেমনি বার্সাকেও নিজেদের মাঠে পরে অচেনা মনে হলো। মাঝমাঠে বলের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নেই। নেইমার নেই বলে আক্রমণের ত্রিভুজও নেই। সবেচেয়ে যেটির অভাব দেখা গেল, রক্ষণভাগে সমন্বয়। পিকে, মাচেরানো এবং পরে জর্ডি আলবার বদলি নামা জেরেমির ম্যাথুকে নিয়ে গড়া রক্ষণভাগ একেবারেই ছন্নছাড়া। তাতে হলো কী, দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখে ন্যু ক্যাম্প থেকে ড্র করে ফিরল দেপোর্তিভো। ৭৭ মিনিটে ম্যাথুর ভুলে গোল করলেন পেরেজ, ৮৬ মিনিটে মাচেরানোর ভুলে বার্হান্তিনোস। যতই বিশ্বের ভয়ংকরতম আক্রমণভাগ হোক বার্সার, ম্যাচের শেষ মুহূর্তে গোল করে খুব বেশি ম্যাচ বের করে নেওয়ার ইতিহাস তাদের নেই। লুইস এনরিকের দলকে তাই নতমস্তকে মানতে হলো ড্র। এতে লা লিগার মূল দুই প্রতিদ্বন্দ্বী ঘাড়ের ওপর নিশ্বাস ফেলার সুযোগ তো পেলই, ক্ষতি হলো আরও। জাপানে ক্লাব বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে আত্মবিশ্বাসটা চোট পেল। লিগে টানা দ্বিতীয় ম্যাচ ড্র, চ্যাম্পিয়নস লিগ ধরলে টানা তৃতীয় ম্যাচ। চোটগ্রস্ত নেইমারের অনুপস্থিতিতে বার্সাকে বেশ নিষ্প্রভ মনে হচ্ছে। হঠাৎই যেন একটা দুষ্টচক্রে বন্দী বার্সেলোনা। ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এখনো তারা শীর্ষেই, তবে আজ অ্যাটলেটিকো জিতলে পয়েন্ট সমান করে ফেলবে, আর রিয়াল জিতলে দাঁড়াবে ২ পয়েন্ট পেছনে।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে বনি ও নাচোর গোলে ম্যানচেস্টার সিটি হারিয়েছে সোয়ানসিকে (২-১)। সোয়ানসির পক্ষে গোল করেছেন গোমিজ।