আবারও বার্সার সামনে সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেক কাঠখড় পুড়িয়ে নকআউট পর্বে জায়গা পেয়েছে ম্যানচেস্টার সিটি। কে জানত পরের রাউন্ডেই আরও বড় বাধা অপেক্ষা করছে ইংলিশ চ্যাম্পিয়নদের জন্য! শেষ ষোলোতে ম্যানুয়েল পেলেগ্রিনির দল পড়েছে চারবারের চ্যাম্পিয়ন বার্সেলোনার সামনে। লিওনেল মেসির মুখোমুখি হবেন জাতীয় দলে তাঁর সবচেয়ে কাছের বন্ধু সার্জিও আগুয়েরো। গত মৌসুমেও শেষ ষোলোতে বার্সেলোনার বিপক্ষে খেলতে হয়েছিল সিটিকে। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হেরে সেবার ওই পর্যায়েই থেমে যেতে হয় সিটিকে। এবার সেই হারের শোধ নেওয়ার সুযোগ পাচ্ছে ম্যান সিটি।
গতবারের মতোই এবারও টুর্নামেন্টের শেষ ষোলোতে শালকেকে পেয়েছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লা ডেসিমার পথে রিয়াল দুই লেগ মিলিয়ে ৯-২ গোলে হারিয়েছিল শালকেকে। তবে দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালকে এবার মোটেই ভয় পাচ্ছেন না শালকে ডিফেন্ডার বেনেডিক্ট হুভেডেস, ‘রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু সেরা দলকেও হারানো যায়।’
কাল সুইজারল্যান্ডের নিয়নে ড্র নিশ্চিত করে দিয়েছে আরও একটি পুনর্মিলনী। গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়া চেলসি-পিএসজির এবার দেখা হয়ে যাচ্ছে শেষ ষোলোতেই। গতবার পিএসজিকে পেছনে ফেলেই সেমিফাইনালে খেলেছিল চেলসি। ইংলিশ ক্লাবটি তাই চেনা প্রতিপক্ষ পেয়ে স্বস্তিতে আছে। চেলসির সচিব ডেভিড বার্নার্ড ড্রয়ের পরেই বলেছেন, ‘আমাদের কোচ হোসে (মরিনহো) ড্রয়ের আগেই বলেছিল সে পিএসজিকে পেলে খুশি হবে।’
উত্তাপ ছড়াতে পারে জুভেন্টাস ও বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচটিও। মিউনিখে ১৯৯৬-৯৭ মৌসুমের ফাইনালে জুভেন্টাসকে ৩-১
গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ডর্টমুন্ড। শেষ ষোলোতে মোনাকোকে পেয়ে হয়তো কিছুটা স্মৃতিকাতর হয়ে উঠেছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ১৯৮৭ থেকে ১৯৯৪ পর্যন্ত ফ্রেঞ্চ লিগের ক্লাব মোনাকোর কোচ ছিলেন ওয়েঙ্গার। পুরোনো ক্লাবে ফরাসি কোচ প্রথমবারের মতো ফিরবেন প্রতিপক্ষ হয়ে। উয়েফাডটকম, গোলডটকম।